এসএম আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় দলীয় তৃনমুল নেতাকর্মীদের তোপের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নবগঠিত উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির আহবায়ক গাজী মোহাম্মদ আলী। তিনি রোববার সকালে আহবায়ক কমিটির প্রথম সভায় এ পদত্যাগ করেন। সভায় ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠলে সভা পন্ড হয়ে যায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখে। এ ঘটনায় কমপক্ষে উভয়পক্ষের ৮ নেতাকর্মী আহত হয়। পদত্যাগের এ খবরে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দলীয় শত শত নেতাকর্মী।
জানাগেছে, সম্প্রতি গঠিত উপজেলা আ’লীগের আহবায়ক কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় নেতাকর্মীদের মধ্যে। প্রায় ১ যুগ পর গঠিত কমিটিতে অতিতে যারা লুটপাট করেছে এমন ব্যক্তি ও দলের প্রাথমিক সদস্যপদ নাই, বিতর্কিত অরাজনৈতিক ব্যক্তিদেরকে টাকার বিনিময়ে অর্ন্তভূক্ত করা হয়। অপরদিকে ত্যাগী, সক্রিয় ও দীর্ঘদিন তারা আ’লীগের রাজনিতির সাথে জড়িত রয়েছে এমন নেতাকর্মীদের উপেক্ষা করে প্রায় ১ যুগ পর মনগড়া ৪৭ সদস্যবিশিষ্ট একটি পকেট কমিটি গঠন করা হয় এমন অভিযোগে তৃনমুল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সভা, সমাবেশের মাধ্যমে নবগঠিত এ কমিটি তৃনমুল নেতাকর্মীরা প্রত্যাখানও করে। অবশেষে কমিটি গঠনের প্রায় আড়াইমাস পর কমিটির অধিকাংশ নেতাকর্মীদের অবগত না করে রোববার আহবায়ক কমিটির প্রথম সভা আহবান করা হয়। সকাল ১০ টার দিকে জিরো পয়েন্টস্থ সরকারি সম্পত্তির উপর অবৈধভাবে দখলকৃত দলীয় অস্থায়ী কার্যালয়ে প্রথমে উপস্থিত হন উপজেলা আ’লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। এরপর স্থানীয় এ্যাড. শেখ মোঃ নূরুল হকসহ একে একে উপস্থিত হন শত শত দলীয় নেতাকর্মী। সভার শুরুতে তৃনমূল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন কমিটির আহবায়ক গাজী মোহাম্মদ আলী। একপর্যায়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং নবগঠিত কমিটি বিলুপ্তির জন্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উর্দ্ধতন নেতৃবৃন্দের নিকট সুপারিশ করেন। এসময় লাঞ্ছিত হন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। দলীয় কার্যালয় থেকে পালিয়ে যাওয়ার সময় সাবেক ভারপ্রাপ্ত মেয়র কামরুল হাসান টিপুকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মারপিট করে। এরপর হরিঢালী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি শেখ বেনজির আহম্মেদ বাচ্চুর নেতৃত্বে কতিপয় কিছু নেতাকর্মী মিছিল আকারে দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্ঠা করলে উপস্থিত তৃনমুল নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয় পক্ষের ৭ নেতাকর্মী কমবেশি আহত হয়। বেলা ১টার দিকে কলেজ গেটের সামনে মারপিটের শিকার হন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও (সাংবাদিক) তৃপ্তি রঞ্জন সেন। আহত অন্যান্যরা হলেন বেনজির আহম্মেদ বাচ্চু, হেমেশ চন্দ্র মন্ডল, শেখ রেজাউল, গাজী মিজানুর, মাহাবুবুর রহমান, সৈকত ও কোনা রহমান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সবশেষে পদত্যাগের এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় শত শত নেতাকর্মী উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। মিছিলে উপস্থিত ছিলেন-অবঃ অধ্যক্ষ লুৎফর রহমান, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন কুমার ভদ্র, শেখ মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ আফসার আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান সরদার আনিছুর রহমান, দিবাকর বিশ্বাস, সরদার গোলাম মোস্তফা, বিজন বিহারী সরকার, শেখ জামাল হোসেন, গোলক বিহারী মন্ডল, অসিম মন্ডল, সাফিয়ার রহমান, শেখ লুৎফর রহমান, শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ সেলিম, প্রভাষক মাসুদুর রহমান, শেখ মাসুদুর রহমান, শেখ আব্দুস সাত্তার, প্রনব কান্তি মন্ডল, পরেশ মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, দাউদ শরীফ, বিপ্লব, হাবিবুর রহমান ও সর্দার রনি। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।




