বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা ভূমি অফিস দালাল আর জালিয়াত চক্রের আখড়ায় পরিণত হয়েছে। দালালদের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের ঘুষ গ্রহণের ফলে বেপোরোয়া হয়ে উঠেছে এসব দালাল চক্র। এসব দালাল চক্র ভুয়া খতিয়ান ও নামসর্বস্ব দলিল সৃষ্টি করে সাধারণ মানুষের ভিটে-মাটি নিয়ে চিনিমিনি খেলছে। ফলে প্রতিনিয়তই নানা হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এসব রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহনের কথা জানালেন সহকারী কমিশনার (ভূমি)।
জানা গেছে, এয়াকুব উদ্দীন প্রকাশ ইউনুচ নামের এক ব্যক্তির নামজারী খতিয়ান সৃজনের দায়িত্ব দেয় নাছির উদ্দীন নামের এক দালালকে। নাছির জালিয়াত সদস্য দালাল বাবুল ওরফে এসি ল্যান্ড বাবুলকে খতিয়ানটি নামজারীর জন্য চুক্তি করে। সে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে খতিয়ান সৃজনের অলিখিত চুক্তি করে ঘুষ লেনদেন করে। নামজারী খতিয়ান সৃজনে দেরী হওয়ায় আর কর্মচারীরা নামজারীকৃত খতিয়ান ঘুষ না পাওয়ায় ছাড় দিতে নারাজ ছিল। ফলে নামজারী খতিয়ানের আবেদনকারী ইউনুচ তাগাদা দিতে থাকে দালালদের। জালিয়াত চক্রের সদস্য এসি ল্যান্ড বাবুল কমিপউটার স্ক্যানিং এর মাধ্যমে চারজনের স্বাক্ষর জাল করে এ নামজারী খতিয়ান সৃজন করা দেয় ইউনুচকে। অফিসের অসাধু কর্মচারীদের যোগসাজসে আসল খতিয়ানের পরিবর্তে জাল খতিয়ানের কপি ভূমি অফিসের চারটি নথিতেও ঢুকিয়ে দেয় বাবুল। ১৯ অক্টোবর ইউনুচ জমি রেজিষ্ট্রি দিতে বোয়ালখালী সাব-রেজিস্ট্রি অফিসে গেলে দলিল লিখক রেজাউল করিম মুন্সির কাছে গেলে খতিয়ানটি দেখে তার সন্দেহ হলে সে সঠিকতা যাচাইয়ে দালাল নাছিরকেসহ খতিয়ানটি ভূমি অফিসে নিয়ে যায়। এসময় নাছির উদ্দিনকে জাল খতিয়ানসহ আটক করে সহকারী কমিশনার (ভূমি)। আটককৃত নাছির সহকারী কমিশনারকে স্বীকারোক্তিতে বলেন, আমি খতিয়ানটি এসি ল্যান্ড বাবুলকে নামজারী করার দায়িত্ব দিই। সে নামজারী খতিয়ান আমাকে দিলে জমি রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রি অফিসে আসি। আমি এ খতিয়ানের সম্পর্কে আর কিছুই জানিনা। পরে সহকারী কমিশনার নাছিরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। বিষয়টি তদন্তে কানুনগো মাহবুব আলমকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার দায়িত্ব দেন।
কানুনগো মাহবুবুল আলম তদন্ত বিষয়ে জানান, ৭ দিনের মধ্যে ৪ দিন পেরিয়ে গেলেও ঘটনায় কারা জড়িত তা এখনো জানতে পারেনি। কারো বক্তব্য এখনো নেয়া হয়নি। নাছিরের স্বীকারোক্তিতে প্রকাশিত বাবুলকে খুঁজে বের করে বক্তব্য নিবেন বলে জানান তিনি। জাল খতিয়ানটির অফিস কপি ভূমি অফিসের নথিতে সংরক্ষিত রয়েছে বলে জানা গেলেও তিনি ভূমি অফিসের কেউ এ ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেন।
দালাল চক্রের স্বীকার ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল জব্বার জানান, ভুমি অফিসে দালাল চক্র ও জালিয়ত চক্রের দৌরাত্ম্য এতই বেড়ে গেছে যে তাদের শিকারে সাধারণ মানুষের বসতভিটি হারাতে বসেছে অনেকে। এমনকি উপজেলা সদরের আমার খরিদকৃত একটি জায়গা জালিয়াতি করে আত্মসাৎ করার জন্য পটিয়া উপজেলার দিবাকর মহাজন নামে এক ব্যক্তি এ জালিয়াত চক্রের মাধ্যমে ১৯৭০ সালের ৫১৮৮ নম্বরের একটি কাগজ তৈরী সৃজন করে আমার নামজারী ১-১৫৬ নং মামলায় আপত্তি জানায়। যাহা বর্তমানে সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে বিচারাধীন রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ১৬ অক্টোবরের মধ্যে হালনাগাদ সহি মোহরযুক্ত নকল কপি জমা দেয়ার নির্দেশ দিলেও তা এখনো জমা দেয়নি। তাছাড়া ওই কাগজ দিয়ে দালালচক্র দিবাকরের নামে নামজারীর অপচেষ্টায়ও লিপ্ত রয়েছে। ফলে আমি আর্থিক, মানসিক ও শারীরিক হয়রানি শিকার হচ্ছি। তিনি এ দালাল ও জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ১৯ অক্টোবর জালিয়াতির ঘটনার তদন্ত প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, দালালদের দৌরাত্ম্য রোধে ও সাধারণ মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা করতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। নামজারী বা ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ে সেবা গ্রহীতাদেরকে তাঁর সাথে সরাসরি যোগাযোগ করা জন্য অনুরোধ জানান তিনি।



















