মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার) : চকরিয়ায় পুলিশের অভিযানে জব্দকৃত ১২০ বস্তা ইউরিয়া সার নিলামে বিক্রির করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। নিন্ম মানের সার বিক্রির অভিযোগে ডিলার আবুল হাশেমকে ৫০হাজার টাকা ও খুচরা বিক্রেতা সেন্টু দাশকে দোকানে অতিরিক্ত সার মজুদের অভিযোগে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি মো.মাঈন উদ্দিন এ নির্দেশ দেন।
জানা গেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সার ডিলার মের্সাস আবুল হাশেম পৌরসভার বাসটার্মিনালস্থ গুদামে নিন্মমানের ইউরিয়া সার মজুদ করার খবর পেয়ে গত শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেন আদালত। ওইসময় গুদাম থেকে ৪০বস্তা ইউরিয়া সার জব্দ করে আদালত গুদামটি সীলগালা করে দেন। অপরদিকে সোমবার সকালে পুলিশ উপজেলার বরইতলী ইউনিয়নের গরু বাজার এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত সার মজুদের অভিযোগে খুচরা বিক্রেতা সেন্টু দাশের দোকান থেকে ৮০বস্তা ইউরিয়া সার জব্দ করেন। পরে আদালত ওই দোকানটি সীলগালা করে দেন।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মাঈন উদ্দিন বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় সার ডিলার মের্সাস আবুল হাশেমকে ৫০হাজার টাকা ও খুচরা বিক্রেতা সেন্টু দাশকে ৩০হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের দোকান ও গুদাম থেকে জব্দ করা ১২০ বস্তা ইউরিয়া সার নিলামে বিক্রি করে টাকা সরকারের কোষাগারে জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চকরিয়ায় ইয়াবা ব্যবসায়িকে ৬ মাসের জেল
চকরিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ বাবুল হোসেন (৩০) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দিবাগত রাতে থানার এসআই সুখেন্দু বসু পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়া গ্রাম থেকে ৮পিস ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করেন। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে এ সাজা দেন। বাবুল মাষ্টারপাড়া গ্রামের মাসুক আহমদের ছেলে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, মঙ্গলবার রাতে পুলিশ পৌরসভার মাষ্টারপাড়া গ্রাম থেকে ৮পিস্ ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করেন। গতকাল তাকে আদালতে পাঠানো হলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি মো.মাঈন উদ্দিন ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।



















