ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনার জালালপুরে প্রেমের কারনে মেয়ের পরিবারের লোকজন সাইফুল ইসলাম (২৫) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রেমিক সজল আহমেদ জনি নামের অপর এক ছাত্র (২৬)। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাবনা মর্গে প্রেরন করে পুলিশ। নিহত সাইফুল চর ভাড়ারা গ্রামের নওশের আলীর ছেলে। তিনি সরকারী এডওয়ার্ড কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিলেন। আহত জনি একই গ্রামের জব্বার বিশ্বাসের ছেলে।

পাবনা সদর থানার এসআই নাজমুল বলেন, সদর উপজেলার জোতগরি গ্রামের (আবুল কালাম আজাদের মেয়ে কনার) সাথে জনির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এ ব্যাপারে এলাকায় কয়েকবার তাদের সাথে পারিবারিক বৈঠকও হয়। তারা উভয়ে বিয়ে করতে চাইলে পরিবার এতে বাধ সাধে। পরে মেয়েটি মুঠোফোনে জনিকে ডেকে নিয়ে যায় শুক্রবার রাতে। তারা একে অপরে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। জনি যাওয়ার সময় সাথে তার বন্ধু সাইফুলকে নিয়ে যায়। এলাকায় যাওয়ার পর মেয়ের পরিবারের লোকজন তাদের বেদম মারপিট করে ফেলে রেখে যায়। এ সময় মারাত্মক আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সাইফুলের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শনিবার ভোরে সে মারা যায়।
নিহতের চাচা জহুরুল ইসলাম বলেন, সাইফুলের বন্ধু জনির সাথে জোতগড়ি জালালপুর গ্রামের কালাম হোসেনের মেয়ে কনা খাতুনের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে শুক্রবার রাত ১২টার দিকে মেয়ের ভাই জুয়েলসহ পরিবারের অন্যান্য সদস্যরা জনি বিশ্বাস ও সাইফুল ইসলামকে শহরের টার্মিনাল এলাকা থেকে ধরে নিয়ে জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোররাতে আহত সাইফুলকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, শনিবার সকাল দশটার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি আরও জানান, প্রেমের সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
পাবনা ইসলামিয়া কলেজের ছাত্রী সড়ক দূর্ঘটনায় নিহত

পাবনার জালালপুর-একদন্ত আঞ্চলিক সড়কে নসিমন ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পাবনা ইসলামিয়া কলেজের এক ছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে কলেজে শেষে বাড়ি ফেরার পথে শাপলা খাতুন নামের ওই ছাত্রী নিহত হয়। নিহত ছাত্রী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের নবির উদ্দিনের মেয়ে।
পাবনা সদর থানার এসআই রেজ্জাকুল ইসলাম বলেন, পাবনা ইসলামিয়া কলেজের এইচএসসি শ্রেনীর মানবিক বিভাগের ছাত্রী শাপলা খাতুন কলেজ শেষ করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পাবনার জালালপুর-একদন্ত অঞ্চলিক সড়কে নসিমনে যাওয়অর সময় গয়েশপুর বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নসিমন যাত্রী শাপলা খাতুন মারা যায়। এ সময় ২/৩ জন আহত হলে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেন বলেও জানান পাবনা সদর থানার উপ পরিদর্শক (এসআই)।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। ঘাতক ট্রলিটি আটক করতে পারেনি পুলিশ।




