ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ সম্প্রতি খুলনার পাইকগাছা থানা পুলিশের সাথে সংঘটিত বন্দুক যুদ্ধে ডুমুরিয়ার ১০ জন নিহত হওয়ায় সমগ্র উপজেলা জুড়ে বইছে কঠিন সমীকরণ। চলছে নিহতদের উত্থান, আবির্ভাব নিয়ে প্রশ্ন। আর এসব তথ্য উদঘাটনে সচেতন ডুমুরিয়াবাসীর পাশাপাশি পুলিশ প্রশাসনও রয়েছে মাঠে।
পুলিশ ও একাধিক সুত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর খুলনার পাইকগাছা থানা পুলিশের সাথে সংগঠিত দু’দফা বন্দুক যুদ্ধে ১৩ ডাকাত নিহত এবং ঘটনাস্থল থেকে ১৭টি বন্দুক ও ৫৭ রাউন্ড গুলি উদ্ধার হয়। এরমধ্যে দশজনের বাড়ি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায়। কিন্তু ডাকাতি ও অপরাধী হিসাবে তাদের তেমন পরিচিতি ছিল না। সাধারন শ্রমজীবি মানুষের মত ছিল তাদের চাল-চলন। হঠাৎ ডাকাতি ও অপহরণ ঘটনায় অংশ গ্রহন করায় বেরিয়ে এসেছে তাদের আসল পরিচয়। আর এ কারণেই কথিত বন্দুক যুদ্ধে তাদের মরণও হয়েছে। এ নিয়ে নিহতদের পরিবার ও স্বজনরা হয়েছেন হতবাক। তবে বিষয়টি নিয়ে এখন সমগ্র উপজেলা জুড়ে শুরু হয়েছে নানা সমীকরণ। চলছে তাদের উত্থান ও আবির্ভাবের উৎস কোথায়। তারা কোন নেতার লোক। সম্প্রতি উপজেলার বাগ-আঁচড়া, রোস্তমপুর, শাহপুর বাজারের ডাকাতি এবং শরাফপুর পুলিশ ক্যাম্পে হানা দিয়ে অস্ত্র লুটের ঘটনায় কোন যোগসুত্র আছে কি’না এমনিভাবে নানাবিধ প্রশ্নের উত্তর খুঁজছেন সচেতন ডুমুরিয়াবাসী। পাইকগাছা থানার ওসি শিকদার আক্কাস আলী জানান, অপরাধীরা বনদস্যু কাশেম বাহিনীর সক্রিয় সদস্য। এলাকায় তারা সাধারন বেশে থাকলেও পাইকগাছা, কয়রা ও সুন্দরবন এলাকায় নিয়মিত দস্যুতা ও ডাকাতি করত। তিনি আরও জানান, ওরা ডুমুরিয়ার ক্ষমতাসীন ও বিএনপি’র শীর্ষ নেতাদের পরিচয় দিয়েছিল। তদন্তস্বার্থে বেশি বলতে পারবো না। ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, নিহতদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একাধিক অভিযোগ ছিল এবং তারা সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতার এড়াতে ওরা পলাতক ছিল। তিনি আইন-শৃংখলার বিষয়ে জানান, আন্ডার-ওয়াল্ড হোক, আর ডাকাতদল হোক ডুমুরিয়ায় আর কোন বাহিনীই মাথা চাড়া দিতে পারবে না। আর এদের পৃষ্ঠপোষক কে, এদের সহযোগী কারা, সময় হলেই সবই জানা যাবে।




