শ্যামলবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ১ অক্টোবর বুধবার বিকালে বিকোলে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের কাছে ঈদকার্ড হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম।
অন্যদিকে একই দিন সন্ধ্যায় বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহিন ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সনের শুভেচ্ছাকার্ড পৌঁছে দেন। আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক সেকান্দর আলী ও আবেদুর রহমান লিটু তা গ্রহণ করেন।
দুই নেত্রীর মধ্যে মুখোমুখি সাক্ষাৎ ও কথা-বার্তা না হলেও বাংলা নববর্ষ এবং দুই ঈদে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকেন তারা। খালেদার পাশাপাশি বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদকে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা।




