চারঘাট প্রতিনিধি : “শিক্ষা পুষ্টি নিশ্চিত করি, শিশু বিবাহ বন্ধ করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০১৪ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার চারঘাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসী ফোরামের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট ও অনলাইন পত্রিকা বড়াল বার্তা যৌথভাবে এই কর্মসূচী পালন করে। সুজন রাজশাহী জেলা কমিটির সহ-সম্পাদক ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এস এম মোজাম্মেল হকের সভাপতিত্বে ফরহাত আলাউদ্দিন মডেল স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সামসুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম বাদশা, ফজলুর রহমান প্রমূখ। সভা সঞ্চালনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সম্বয়কারি আশরাফুল ইসলাম। সভায় রচনা প্রতিযোগিতায় বিজয়ী কন্যাশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে অনলাইন পত্রিকা বড়াল বার্তা’র উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন।

চারঘাটের একটি গ্রাম বাল্য বিবাহ মুক্ত ঘোষণা
চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়াড় নামে একটি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সিএমইএস’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। গতকাল বিকেলে বালাদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন এই ঘোষণা দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুল আলম, বালাদিয়াড় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিম সুলতানা শিলা, সিএমইএস এর ইউনিট অর্গানাইজার আশরাফুল ইসলাম ও আছিয়া খাতুন প্রমুখ। শেষে বালাদিয়াড় গ্রামে বাল্যবিবাহ মুক্ত একটি র্যালী বের হয়।




