ইয়ানুর রহমান, যশোর : বেনাপোল ও ভোমরা বন্দর থেকে আমদানি পণ্য ছাড় করানোর ক্ষেত্রে শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬৬টি কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং (সিএন্ডএফ) এজেন্টস লাইসেন্স বাতিল ঘোষণা করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।

এর মধ্যে ৭টি লাইসেন্স সাময়িক বাতিল এবং ৫৯টি লাইসেন্স চূড়ান্ত বাতিল ঘোষণা হয়েছে। দীর্ঘ সময় ধরে তদন্ত শেষে সম্প্রতি এসব লাইসেন্স বাতিলের তালিকায় উঠানো হয়।
এছাড়া বিভিন্ন অভিযোগে কালো তালিকার নজরদারিতে রয়েছে আরো ১৫টি লাইসেন্স। তবে কাস্টমসের গোপনীয়তা রক্ষায় কালো তালিকায় বাতিলের সম্ভাবনা লাইসেন্সগুলোর নাম জানা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব লাইসেন্স কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দিয়েছিলেন। সম্প্রতি বেনাপোল কাস্টমস হাউস সূত্রে এ তথ্য জানা গেছে।
কাস্টমস সূত্রে জানা যায়, বেনাপোল বন্দর থেকে সরকারের রাজস্ব আদায়ে ৭৪০টি সিএন্ডএফ লাইসেন্স আমদানিকারকদের পক্ষে পণ্য ছাড় করানোর কাজ করছে।
চূড়ান্ত বাতিল হওয়া লাইসেন্সগুলো হচ্ছে- প্যারাডাইস কর্পোরেশন, ব্রিলিয়ান্ড ইন্টার ন্যাশনাল, ওয়্যারসিস ইন্টার ন্যাশনাল, গাইডেন্স কোম্পানি, কসকো এজেন্সি লিঃ, এবি এন্টারপ্রাইজ, রাইট ট্রেড ইন্টারন্যাশনাল, আলফা এভিয়েশন সার্ভিসেস লিমিটেড, জেএলএম কন্টিনার সার্ভিসেস, কবীর এন্টারপ্রাইজ, বিদ্দোজা এন্ড কোম্পানি, মুসা ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল, এম আর করপোরেশন, গ্লোবাল ট্রান্সপোটেশন সিস্টেমস, আলনূর এন্টারপ্রাইজ, বিক্রমপুর ক্লিয়ারিং এজেন্সি, অনন্যা এসোসিয়েটস, জামান এন্টারপ্রাইজ, আরগ ট্রেডিং কর্পোরেশন, রিফাত ইন্টারন্যাশনাল, তানিসা ইসরাত কর্পোরেশন, জেস এন্টারপ্রাইজ, বনো ট্রের্ডি কর্পোরেশন, ইয়ন ট্রেডিং কর্পোরেশন, লিপি এন্টারপ্রাইজ লিমিটেড, কে এইস ট্রেডিং, ন্যাশনাল এন্টারপ্রাইজ, রাজা ইন্টারন্যাশনাল, বেঙ্গল এজেন্সি লিমিটেড, সোহান এন্টারপ্রাইজ, এস এম বজলু রহমান অ্যান্ড কোম্পানি লিমিটেড, ওয়ারসিস ইন্টারন্যাশনাল, এস আর কর্পোরেশন, ভান্ডার শরিফ ট্রেডিং কর্পোরেশন, গ্লোবেক্স ইন্টারন্যাশনাল, ব্রড ওয়ে ইন্টারন্যাশনাল, পপুলার কার্গো মুর্ভাস, আলাহা ট্রেডিং, দেশ এজেন্সি লিমিটেড, ইউনির্ভাসেল সাপ্লায় সিন্ডিকেট, ক্রাউন স্প্রিড লিমিটেড, এস এ হুদা এ্যান্ড কোম্পানি লিমিটেড, মেসার্স পদমদী, মফিজ উদ্দিন আহম্মেদ, প্রিন্স শিপিং লাইন্স, জিএম কর্পোরেশন, সুমন এন্টারপ্রাইজ, হোয়াইট হাউজ এজেন্সি, বেঙ্গল ইন্টারন্যাশনাল, জিলানী ট্রেডার্স, ট্রেড ওয়েলকাম, এস আলম এ্যান্ড সন্স, কবীর এন্টারপ্রাইজ, ইউরেকা এজেন্সি প্রাইভেট লিমিটেড এবং কসমিক কার্গো সার্ভিসেস।
আর সাময়িক বাতিল লাইসেন্সগুলো হচ্ছে, মেসার্স রিয়েল এন্টারপ্রাইজ, রুপালী ট্রেডার্স, প্রিন্স শিপিং লাইসেন্স, জেবা এন্টারপ্রাইজ, শরিফ শিপিং লাইন্স, কে এইস ট্রেডিং এবং এম এন শিপিং।
এদিকে সাধারণ সিএন্ডএফ ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ফাঁকিসহ ছোট খাট অনিয়মে তাদের লাইসেন্স বাতিল হচ্ছে। কিন্তু একই অপরাধ প্রভাবশালী ব্যবসায়ীরা করলে তাদের লাইসেন্স কিছু হয়না।
সাধারণ সিএন্ডএফ ব্যবসায়ীরা আরো বলেন, কিছু দুর্নীতিবাজ সিএন্ডএফ প্রতিষ্ঠানের কারসাজিতে শুল্ক ফাঁকি বেড়ে যাওয়ায় ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত পরপর ৩টি অর্থবছর এ বন্দর থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারেনি সরকার।
২০১১-১২ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রা ছিল ২৪’শ ২৫ কোটি টাকা। বছর শেষে ঘাটতি ছিল ১৯৪ কোটি টাকা। ২০১২-১৩ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬২০ কোটি টাকা। বছর শেষে ঘাটতি হয়েছে ৪৫২ কোটি ৮৯ লাখ টাকা। আর ২০১৩-১৪ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬শ কোটি টাকা। বছর শেষে আদায় হয়েছে ২ হাজার ৪’শ ৮০ কোটি ২৮ লাখ টাকা। এবার ২০১৪-১৫ অর্থ বছরে এখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫’শ ৬৭ কোটি টাকা।
কেউ মন্ত্রী এমপিসহ সরকারি কর্মকর্তার আত্মীয় স্বজন এবং কেউ সাংবাদিক পরিচয়ে কাস্টমস কর্মকর্তাদের ধমক দিয়ে, আবার কখনো সমঝোতার মাধ্যমে আমদানি পণ্যের ফাইল ছাড়িয়ে নিয়ে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দিচ্ছেন। এসব কারণে রাজস্ব আদায়ের উপর মারাত্মক বিরুপ প্রভাব পড়ছে।
২০১৩-১৪ অর্থবছরে বেনাপোলে ২’শ ৫৭টি শুল্ক ফাঁকির ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ জরিমানা আদায় করেছে ৩০ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৫’শ ৫৭ টাকা। ২০১০-১১ অর্থবছরে ২’শ ১৮টি শুল্ক ফাঁকির ঘটনা থেকে আদায় করা হয় ১৮ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৫০ টাকা। ২০১১-১২ অর্থ বছরে ২’শ ৯৪টি শুল্ক ফাঁকির ঘটনা উদঘাটন করে ৩৪ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেছিল।
বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা জানান, বর্তমান সরকারের আমলে বেনাপোল স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে। গত ৬ বছরে কয়েক’শ কোটি টাকা ব্যয়ে এখানে স্থলবন্দর রফতানি টার্মিনাল, আর্ন্তর্জাতিক বাস টার্মিনাল, প্যাসেঞ্জার টার্মিনাল ও বাইপাস সড়কসহ অনেক নির্মাণ কাজ হয়েছে। সেই হিসাবে এখানে আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে রাজস্ব বাড়ার কথা থাকলেও দিন দিন তা ধ্বস নামছে।
জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকির অভিযোগে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শুধুমাত্র সিএন্ডএফ লাইসেন্স বাতিল হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। কেবল মাত্র শুল্ক ফাঁকি দেওয়া পণ্যের জরিমানা আদায় করে আবার সেই পণ্য চালান ছেড়ে দেওয়া হচ্ছে। এতে শুল্ক ফাঁকিতে ব্যবসায়ীরা আতঙ্কিত না হয়ে বরং আরো উৎসাহিত হচ্ছে বলে বন্দর ব্যবসায়ী সুত্রে জানাগেছে।
তারা আরো জানায়, বেনাপোল বন্দরে রাজস্ব আয় বাড়াতে হলে সৎ, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন সাহসী কর্মকর্তাকে নিয়োগ দিতে হবে। যেন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হুমকিতে অবৈধ পণ্য চালান ভয়ে ছেড়ে না দেন এবং তাদের সঙ্গে অবৈধ সখ্যতা গড়ে না তোলেন।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মাহাবুব হাসানের সাথে এক সাক্ষাতকারে সিএন্ডএফ লাইসেন্স বাতিলের বিষয়টি জানা যায়। তিনি বলেন, আমদানি পণ্যের শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব লাইসেন্স বাতিল হয়েছে। আইনের বিধান অনুযায়ী ব্যবসায়ীদের শুল্ক ফাঁকির ঘটনা ধরা পড়লে তদন্ত স্বাপেক্ষে লাইসেন্স বাতিল ও জরিমানাসহ ফাঁকি দেওয়া অর্থ আদায় করা হয়ে থাকে।



















