শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের বহরে আরও ২শ ৭০টি নতুন কোচ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। ২৯ সেপ্টেম্বর সোমবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে তিনি ওই কথা জানান। এসময় তিনি বলেন, ভারতের অর্থায়নে ১শ ২০টি এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১শ ৫০টি কোচ শিগগির রেলবহরে যুক্ত হচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে ভারত থেকে ৫০টি কোচ আসবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকিগুলো আনা হবে।
রেলমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে রেলওয়ে কাজ করে যাচ্ছে। প্রতিদিন আড়াই লাখ টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের টিকিট দিতে অনেক ধীরগতির বিষয়ে তিনি বলেন, সাধারণত অভিজ্ঞ ও দক্ষ লোকের অভাবে ট্রেনের টিকিট দিতে দেরি হচ্ছে। আশা করি শিগগির প্রযুক্তি জ্ঞানসম্পন্ন এবং দক্ষ লোক নিয়োগ দেওয়া হবে। যাতে দ্রুত টিকিট যাত্রীদের হাতে পৌঁছে দেওয়া যায়।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুনসুর আলী শিকদার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



















