স্টাফ রিপোর্টার : শেরপুরে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর সহিংসতায় মোজাফফর হোসেন রঙ্গু (৫২) ও আবুল কালাম (৪৫) নামে আওয়ামী লীগের ২ কর্মীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ৪ বিএনপি নেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপরাপর ৯ আসামীকে খালাস দেওয়া হয়েছে।

২১ সেপ্টেম্বর রবিবার বিকেলে জনাকীর্ণ আদালতে ওই রায় ঘোষণা করেন শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ। দন্ডিতরা হচ্ছেন নকলা উপজেলার বারমাইস্যা গ্রামের কফিলউদ্দিনের ৩ ছেলে সায়েদুল (৪২), ছামেদুল (৪৩), শহীদুল (৪৫) ও লয়খা এলাকার ইন্তাজ আলীর ছেলে লাল মিয়া (৪৫)। এদের মধ্যে লাল মিয়া পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর বাগেরহাটে একটি মন্দিরে হামলা চালিয়ে পুড়িয়ে দেয় বিএনপি সমর্থকরা। ওই ঘটনাকে কেন্দ্র করে ১০ অক্টোবর সকালে নকলা উপজেলার বারমাইস্যা এলাকায় আওয়ামী লীগ কর্মী মোজাফফর হোসেন রঙ্গু ও আবুল কালামের সাথে বিএনপি কর্মীদের কথাকাটি হয়। ওইদিন বিকেলে রঙ্গু ও কালামকে বারমাইস্যা বাজারে পেয়ে স্থানীয় একদল বিএনপি নেতা-কর্মী প্রকাশ্যে তাদের ছুরিকাঘাতে হত্যা করে। ওই ঘটনার পরদিন নিহত রঙ্গুর স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে নকলা থানায় ১৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ তদন্ত শেষে ওই ১৩ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ওই রায় ঘোষণা করেন।




