তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৌয়ারা বাজার এলাকার বালুরথোবা এলাকায় অভিযান চালিয়ে ২শ’ ৩২ কেজি ভারতীয় জিরা, ২৩ কেজি পোস্তদানা এবং ৫টি বাইসাইকেল আটক করেছে বিজিবি-১০। ৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ৭টায় হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ওইসব মালামাল উদ্ধার করা হয়।
অন্য আরেকটি অভিযানে চৌদ্দগ্রাম বিদ্দেরখিল এলাকায় গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় হাবিলদার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৮ বোতল হুইস্কি আটক করেছে।
এছাড়া অন্য আরেকটি অভিযানে আমানগন্ডা চোপুয়া বাজার এলাকায় গত ৬ সেপ্টেম্বর নায়েব সুবেদার মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১টি ভারতীয় মোটর সাইকেল জব্দ করেছে। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ৯৭ বোতল, বিয়ার ৬ বোতল, গাঁজা ৫ কেজি, স্কাপ সিরাপ ৪ বোতল, কোরেক্স সিরাপ ১৫ বোতল, জিরা ৭৫ কেজি, শিং মাছ ৪০ কেজি, বাটা মাছ ১০ কেজি এবং পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৫শ’ ২০ কেজি আলু আটক জব্দ করেছে বিজিবি’র সদস্যরা।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউল্লাহ জামী এ প্রতিনিধিকে জানান- কুমিল্লার বৌয়ারা বাজার, চৌদ্দগ্রাম, আমানগন্ডঅ চোপুয়া বাজার সহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করেন বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল আটক করেছে বিজিবি। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৬৬ হাজার ৯শ’ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।



















