নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে চাইনিজ কুড়াল সহ দুই ছিনতাইকারী আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া-ওয়ালিয়া সড়কের চন্ডিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নাটোরের লালপুর উপজেলার মোহম্মদ মিঠু (১৮)ও নুর ইসলাম (২০)।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া বাজার থেকে ছিনতাইকারীদলের চার সদস্য যাত্রীবেশে একটি সিএনজি ভাড়া করে। পথে বনপাড়া-ওয়ালিয়া সড়কের চন্ডিপুর এলাকায় তাদের কথাবার্তায় সিএনজি চালকের সন্দেহ হলে সড়কের পাশে একটি দোকানের সামনে সিএনজি থামায়। এসময় পিছন থেকে ওই সড়কের টহল পুলিশকে দেখতে পেয়ে ছিনতাইকারী দলের দুই সদস্য দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি পুলিশের সন্দেহ হলে যাত্রী বেশে থাকা অপর দুইজনকে আটক করে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে দড়ি, পাইপ ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।



















