ইয়ানুর রহমান, যশোর : শার্শায় দিনে-দুপুরে আব্দুল মমিন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা ছিনতাই করেছে দূর্বত্তরা। আব্দুল মমিন উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেল বাড়ীয়া গ্রামের আব্দুস ছোবহানের ছেলে। এ সময় দূর্বত্তরা তাকে এবং তার সাথে থাকা মটরসাইকেল চালক শরিফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে।

আহত শরিফুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে তারা বেনাপোলের ইসলামী ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা উঠিয়ে বিকাল সাড়ে তিনটার সময় শার্শা হয়ে বাগআঁচড়ার সাতমাইল পশু হাটে গরু কেনার জন্য যাচ্ছিল। এ সময় শার্শা-জামতলা সড়কের বেনেখড়ি নামক স্থানে পৌঁছালে পথিমধ্যে একদল দূর্বত্ত তাদের গতি রোধ করে। দূর্বত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে এবং আব্দুল মমিন’র কাছে একটি ব্যাগের মধ্যে থকা ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে ফ্লিমি স্টালে মটরসাইকেল যোগে পালিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে শার্শা থানার সহকারি উপ-পরিদর্শক কানু চক্রবর্তী জানান, গরু ব্যবসায়ী আব্দুল মমিনের অভিযোগের পর পুলিশের টহলদল ছিনতাইকারীদের আটকের জন্য অভিযানে নেমেছে। ব্যবসায়ীদের অভ্যন্তরিন গোলযোগের কারনেও ছিনতায়ের ঘটনাটি ঘটতে পারে বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।



















