শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সম্প্রতি নিয়োগ পাওয়া ৬ হাজার ডাক্তারের কেউ যদি কমপক্ষে ২ বছর মফস্বলের কর্মস্থলে না থাকেন, তাহলে শোকজ ছাড়াই সরাসরি তাদের চাকরিচ্যুত করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। কোনো অজুহাতে ২ বছরের আগে কাউকে মফস্বলের কর্মস্থল থেকে প্রত্যাহারও করা হবে না। এ ব্যাপারে তিনি সকল সাংসদদের সহযোগিতাও কামনা করেন। তিনি ৩ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে ওই কথা বলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি সমালোচনায় ভয় পাই না। কাজ করলে সমালোচনা হবেই। কাজ না করলে কোন সমালোচনা থাকে না। বিএনপিরা আন্দোলনের নামে গাড়ি পোড়াবে, মানুষ হত্যা করবে। বিপরীতে আমরা গ্রামে ডাক্তার দেব, ওষুধ দেব, আইসিইউ করব। এর মাধ্যমে আমরা জনগণের মন ও ভোট জয় করব।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে প্রতিশ্রুতি দেন, তা তিনি রক্ষা করেন। এবার প্রতিশ্রুতি দিয়েছিলেন-গ্রামে ডাক্তার নিয়োগ দেবেন। সে অনুযায়ী গত ৫ আগস্ট আমি নিজ হাতে ৬ হাজার ডাক্তারদের নিয়োগপত্র দিয়েছি।
মন্ত্রী বলেন, নিয়োগপ্রাপ্ত ডাক্তাররা সবাই তরুণ। এবার আমরা কিছু নীতিমালা করেছি, যা আগে ছিল না। এবারই প্রথম ডাক্তারদের নিজ জেলায়, উপজেলায় এমনকি নিজ ইউনিয়নেও নিয়োগ দেওয়া হয়েছে। যেন তারা নিজ এলাকার মানুষের, স্বজনদের সেবা করতে পারেন।



















