চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটিতে ২য় সাময়িক পরীক্ষায় ফেল করায় আঁখি খাতুন (৯) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত আঁখি খাতুন সদর উপজেলার হাজরাহাটি গ্রামের আহাদ আলীর মেয়ে এবং অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। ২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আঁখি খাতুন ২য় সাময়িক পরীক্ষায় ফেল করায় মঙ্গলবার রাতে বাবা-মা বকাঝকা করেন। এতে সে বাবা-মার ওপর অভিমান করে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
দর্শনা চেকপোস্টের কাস্টমস সিপাই কামাল সাময়িক বরখাস্ত
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা দু যাত্রীর কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের দায়ে কাস্টমসের সিপাই কামালকে ডিউটি রোস্টার থেকে ১৫ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা কাস্টমস সুপার মো. শহিদুল ইসলাম।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে কোলকাতা থেকে বিয়ের কেনাকাটা করে দেশে ফিরছিলেন ঝিনাইদহের পশ্চিম বিষয়খালীর আব্দুল লতিফের ছেলে জাহাঙ্গীর আলম এবং মহেশপুর উপজেলার হামিদপুরের আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাস্টমস ও শুল্ক বিভাগের ঘরে ঢোকার পর তাদের কাছ থেকে থাকা দু হাজার ১শ’ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেন কাস্টমস সিপাই কামাল। কী কারণে এ টাকা নেয়া হলো?প্রশ্নের জবাবে, সিপাই কামাল এ বিষয়ে মুখ না খুললেও ঘটনার শিকার মিজানুর রহমান অভিযোগ করেন, তার কাছ থেকে প্রথমে ২ হাজার ১শ’ টাকা কেড়ে নেয়া হলেও অনেক অনুরোধের পর সিপাই কামাল ৩শ’ টাকা ফেরত দেন। রেখে দেয়া হয় ১ হাজার ৮শ’ টাকা।
এ ব্যাপারে দর্শনা কাস্টমসের উপপরিদর্শক শাসমুল ইসলাম ওরফে শামসু জানান, ওই দু যাত্রীর লাগেজে কসমেটিক্সসহ বিভিন্ন মালামাল ছিলো। তিনি আরো জানান, ভারতে যাওয়ার সময় তারা জানিয়ে গিয়েছিলেন অল্প কিছু মালামাল সাথে নিয়ে ফিরবেন। ঘোষণার চেয়ে পরিমাণে বেশি হওয়ায় ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। তিনি দাবি করেছেন, অভিযোগ উত্থাপন হওয়ায় ঝিনাইদহ জেলার ওই দু যাত্রীর মালামাল কাস্টমস শুল্ক পরিশোধ শেষে ছাড়া হয়েছে।
চুয়াডাঙ্গা কাস্টমস সুপার শহিদুল ইসলাম জানিয়েছেন, দু যাত্রীর কাছ থেকে সিপাই কামাল কর্তৃক টাকা কেড়ে নেয়ার বিষয়টি জানতে পেরে তাকে ১৫ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আরও বড় ধরনের বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেয়া হতে পারে বলে তিনিজানান।
এদিকে দর্শনা চেক পোস্টের কাস্টমস বিভাগের স্বেচ্ছাচারিতা, যাত্রী হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ করে যাত্রীরা জানান, ওপারের গেদে চেকপোস্টে বিএসএফ ও সেই দেশের কাস্টমস বিভাগের যথেষ্ট কড়াকড়ি থাকলেও যাত্রীদের কাছ থেকে ঘুষ বা যেকোনো ধরনের অর্থ আদায়ের মুখোমুখি হতে হয়না তাদেরকে। অথচবাংলাদেশে ঢোকার পর এদেশের কাস্টমস বিভাগের অসাধু কিছু ব্যক্তি চরমভাবে হয়রানি করেন। টাকা না দিলে সামান্য কয়েকটি কাপড়-চোপড় নিয়ে এলেও সেগুলো আটকে দেয়ার ঘটনাও ঘটে। যাত্রীদের দাবি কাস্টমস বিভাগ নিজেরাই ভাঙছেন নিজেদের আইন। একজন পাসপোর্টধারী যাত্রী বিদেশ থেকে ৪শ মার্কিন ডলার সমপরিমাণ মূল্যের বৈধ মালামাল আনতে পারেন। অথচ সামান্য কিছু কাপড়-চোপড় নিয়ে এলেই দর্শনায় টানাটানি শুরু হয়ে যায়। সচেতনমহল বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চলের প্রায় ১২টি জেলার যাত্রী দর্শনা চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারতে যাতায়াত করে। এ হয়রানি বেশ কিছুদিন ধরে চলে আসায় দিন দিন কমছে এ রুটে যাত্রীর সংখ্যা, কমছে রাজস্ব আদায়। আর তাই সমস্যা নিরসনে সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী যাত্রীরা।
চুয়াডাঙ্গায় বিভিন্ন মামলায় গ্রেফতার ১১
চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারে রশীদুল হাসানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল জেলার দুই উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার বলদিয়া গ্রামের কাছেদ আলীর ছেলে সাইফুল (৩২), বড়শলুয়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৫২), রাজাপুর গ্রামের আরশেদ আলীর ছেলে সবুর (৩৫), ইসলামপাড়ার মৃত আকছেদ আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫), একই পাড়ার মৃত কালা মিয়ার ছেলে মামুন শেখ (৫০), দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মর্তুজার ছেলে জিয়া (৩০), কাদিপুর গ্রামের রহিম বক্সের ছেলে খোকন (২৮), মোবারকপাড়ার জাহাঙ্গীর আলীর ছেলে আব্দুল মামুন (৩৭), রামনগর গ্রামের আব্দুল মল্লিকের ছেলে আ. রাজ্জাক (২৫), হুদাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আনার আলী (৩৪) ও চারুলিয়া গ্রামের দেলবারের ছেলে তারিক (২৭)।
বুধবার বেলা ১১ টার দিকে তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় জি,আর ও সি,আর মামলা রয়েছে।



















