চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর স্টেশনে মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে সৈকত স্টোর নামে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের ৭টি তালা ও ভেতরে আলমিরার ৭টিসহ ১০টি তালা ভেঙ্গে চোরের দল নগদ লুটে নিয়েছে ২লাখ ২০ হাজার টাকা। হাতিয়ে নিয়েছে স্থানীয় সালিশ-বিচারের জমারাখা বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রাদি।
স্থানীয়রা জানান, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর গ্রামের বাসিন্দা নুরুল আমিনের পুত্র মহিউদ্দিন সৈকত মহাসড়কের স্টেশনে সৈকত স্টোর নামে একটি দোকানে ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে। ওই দোকানে স্থানীয় একটি সঞ্চয় ও ঋনদান সমিতির কার্যক্রমও পরিচালিত হয়। একদিকে দোকানে বিকিকিনির টাকা, অন্যদিকে সমিতির উত্তোলিত সঞ্চয় ও ঋনের টাকা জমা থাকে এ দোকানে। নেতৃস্থানীয় যুবক হিসেবে মহিউদ্দিন সৈকতের নিকট আরও জমা থাকে স্থানীয় বিচারিক কাজের জন্য গৃহীত একাধিক ষ্ট্যাম্প সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। কিন্তু আকস্মিক দুর্ভাগ্য ভর করে ব্যবসায়ী মুহিউদ্দিনের উপর। মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার দিকে চোরের দল দোকানের বাইরে লাগানো ৩টি তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে ভেতরে আলমিরার ৭টি তালা ভেঙ্গে পুরো আলমিরা তছনছ করে। দোকান মালিক মহিউদ্দিন সৈকত দাবী করেন, চোরের দল ক্যাশে গচ্ছিত স্থানীয় একতা সমিতির রক্ষিত ১লাখ ২০ হাজার ও ব্যবসার ৯০ হাজার নগদ টাকা লুটে নিয়েছে। এছাড়া আলমিরায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদিও হাতিয়ে নেয় তারা। তবে কারা চুরি ঘটনার সাথে জড়িত তা মঙ্গলবার সন্ধ্যা এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি। এ ব্যাপারে ব্যবসায়ী মহিউদ্দিন চকরিয়া থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

ফেঁসে যাচ্ছেন কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন চৌধুরী

নানা অনিয়ম দূর্নীতি ও সরকারি প্রকল্প আত্মসাতের অভিযোগে ফেঁসে যাচ্ছেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন চৌধুরী। তার অনিয়ম, দূর্নীতি ও আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ে অভিযোগ দেয়া হয়েছে কৈয়ারবিল ৪ ইউপি সদস্য। ইতোমধ্যে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত টিমের কার্যক্রম শুরু হয়েছে।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম মেম্বার, এনামূল হক মেম্বার, শরাফত মেম্বার ও আলমগীর মেম্বার সরকারের বিভিন্ন দপ্তরসহ স্থানীয় মন্ত্রণালয়ে পাঠানো অভিযোগে দাবী করা হয়েছে ওই ইউনিয়নের রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন খাতে বরাদ্দ পাওয়া কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পে প্রায় ১৫লাখ টাকা মূল্যের চাল-গম বিক্রয় করে নাম মাত্র কাজ দেখিয়ে সিংহভাগই টাকা আত্মসাৎ করেছে কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মোঃ শরিফ উদ্দিন চৌধুরী। এছাড়াও অতি দরিদ্রের কাজের বিপরীতে পাওয়া ১০শতাংশ টাকা, ওয়ারেশী সনদ, ট্রেড লাইসেন্সসহ ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন খাতে পাওয়া টাকা এলজিএসপি-২ এর প্রকল্প বাস্তবায়নের প্রতি এমইউপি থেকে ১৫ শতাংশ টাকাসহ বিভিন্ন খাত থেকে অনিয়ম দূর্নীতির মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে দাবী করা হয়।
অভিযোগ উঠেছে, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহর যোগসাজসে কৈয়ারবিল ইউনিয়নের জন্য বরাদ্দ পাওয়া টিআর, কাবিখা, অতিদরিদ্রদের জন্য কাজের ১০%টাকা, ১% এর টাকা, কাবিটা, এলজিএসপি-২, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ ও জন্ম নিবন্ধন সনদ দেওয়া সমুদয় টাকা কৌশলে আত্মসাৎ করেছে।
গত ২০১৩-২৪ অর্থবছরের ইদ্রিস আহমদ চৌধুরীর জামে মসজিদ হইতে সিরাজুল হক চৌধুরী বাড়ি পর্যন্ত রাস্তার মাটি ও ফ্ল্যাট সলিং দ্বারা উন্নয়ন কাজে ১লাখ ৮০হাজার টাকা, দ্বীপকুল-ভরন্ন্যারচর রাস্তার ফ্লাট সলিং দ্বারা উন্নয়ন বাবদ অনুমানিক ১লাখ ৬৬হাজার টাকা, পরিষদের বাউন্ডারী ওয়াল নির্মাণ বাবদ ৬৬ হাজার টাকা, পরিষদের তথ্য কেন্দ্রের উন্নয়ন বাবদ ৮৭হাজার টাকা, ৮নং ওয়ার্ডের জারিয়াবাজার-পুর্বপাড়ার রাস্তা মাটি দ্বারা উচুকরণ বাবদ ১লাখ ৭৪হাজার টাকা, পরিষদের মাঠ ভরাট-সীমানা দেওয়াল ও গেইট নির্মাণ বাবদ ১লাখ ৪৭ হাজার টাকা, খোছাখালী পাহাড়পাড়া রাস্তার মাটি ও ফ্ল্যাট সলিংয় বাবদ ২ দফায় কাবিখা-১০টন ও টিআর-৫টন চাল, ডলনপির শাহের মাজার হইতে পূর্ব বানিয়ারকুম মাদ্রাসা সড়কের ফ্য¬াট সলিং বাবদ ১লাখ টাকা, অতিদরিদ্রদের কাজের টাকা ১০% টাকার প্রায় ২লাখ টাকা, এলজিএসপি-২ এর প্রকল্প ১৪% টাকা আদায় করে আত্মসাৎ করেছে। এছাড়াও গত অর্থবছরে এলজিএসপির-২ এর পুরুস্কার পাওয়া বাবদ ২লাখ ৫৬হাজার টাকার ২টি প্রকল্প থেকে চেয়ারম্যান নিজেই প্রকল্প সভাপতি থেকে ২৫হাজার টাকা করে ৫০হাজার টাকা কেটে নিয়েছে। কৈয়ারবিল ইউনিয়নে গভীর নলকূপ বসানোর নামে জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত এক লাখ টাকা উত্তোলন করে। পরে নলকূপ না বসিয়ে সম্পূর্ন টাকা আত্মসাৎ করেছে। এলজিএসপির প্রাপ্ত বরাদ্দ থেকে ১নং ওয়ার্ডের আলমগীর মেম্বারকে ফ্লাট সলিং ও ল্যাপটপ ক্রয়ের জন্য ১লাখ ৫১হাজার টাকা বরাদ্দ দিলেও ওই বরাদ্দ থেকে ৬০হাজার টাকা টাকা আত্মসাৎ করেছে।
এসব দূর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ২টি তদন্ত টিম গঠন করা হয়েছে। উপজেলা প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি তদন্ত টিম গত ১৯ আগষ্ট কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান ও স্থানীয় লোকজনের কাছ থেকে স্বাক্ষ্য গ্রহন করেছে। ওইসময় কৈয়ারবিল ইউপি চেয়ারম্যানের অসংখ্য দূর্নীতির চিত্র বেরিয়ে এসেছে বলে জানান তদন্ত টিমের এক সদস্য।
অভিযোগ উঠেছে, তদন্ত টিমের সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তদন্তকাজে গড়িমসি ও রহস্যজনক নিরব ভুমিকায় অভিযোগকারী সাধারণ জনগণ মাঝে হতাশা দেখা দিয়েছে। ওই কর্মকর্তা ইউপি চেয়ারম্যানকে বাচানোর জন্য নানা ভাবে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
এদিকে ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন চৌধুরী তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো প্রায়ই সময় মিথ্যা বলে দাবি করে আসছিলেন। পারিবারিকভাবে হেয় করতে একটিমহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে বলেও জানান তিনি।
চেয়ারম্যানের বেপরোয়া অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আনীত অভিযোগ সরজমিনে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন কৈয়ারবিল ইউনিয়নের ৪ইউপি সদস্যসহ ইউনিয়নের সাধারণ জনগণ ও গন্যমান্য ব্যক্তিরা।
চকরিয়ায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
চট্টগ্রামের ইউসিবিএল ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ১৯৯৩ সালে ঋন নিয়ে পরিশোধ না করায় ১৯৯৬ সালে অর্থঋণ আদালত ৬মাসের কারাদন্ডাদেশ জারী করেন চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নস্থ ডুমখালীর মৃত আবুল হাশেমের ছেলে আলী আজম খানের (৫২) বিরুদ্ধে। এই সাজা পরোয়ানা জারীর পর দীর্ঘ ১৮ বছর ছদ্মবেশে আত্মগোপনে ছিল আলী আজম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে এসআই আকতার হোসাইনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে ডুমখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চকরিয়ায় গাঁজাসেবীর অর্থদন্ড
চকরিয়ার মালুমঘাট বাজারে পথরোধ করে দোকান বসিয়ে কলা বিক্রয় ও গাঁজা সেবন করায় ভ্রাম্যমান আদালত ২জনকে একহাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে। তৎমধ্যে জরিমানা আদায় না করলে গাঁজা সেবনকারীকে ১৫দিন কারাভোগ করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ মাঈন উদ্দিন। সাজা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, লামা উপজেলার হায়দার নাশি পাহাড়ী গ্রামের মৃত এজাহার আহমদের ছেলে নুরুল আলম(৩৫) ও চকরিয়া পৌরসভার নুরু আলমের ছেলে এনামুল হক(২৫)।
চকরিয়া থানায় দালালের তৎপরতায় এক মুক্তিযোদ্ধাকে হয়রানী
চকরিয়া থানায় দালালের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে থানার কতিপয় পুলিশ কর্মকর্তার নামে-বেনামে মোবাইল ফোনে হুমকি দিয়ে নানাভাবে হয়রানী করা হয়েছে প্রবীণ সাংবাদিক, বৃহত্তর চকরিয়া উপজেলার আওয়ামীলীগের সহসভাপতি, আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল হক’কে।
তিনি অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে থানায় এতো বেশি দালালের তৎপরতা বৃদ্ধি পেয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর কোন রূপ থানায় না এসে একটু শান্তিতে থাকার চেষ্টা করেও রেহাই পাচ্ছেনা জেলার এ প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এ ত্যাগী নেতা দলের যেকোন দূ:সময়ে ও কঠিন মুহুর্তে আওয়ামীলীগের রাজনীতি করে গেলেও দলের সুসময়ে এসে নানাভাবে হয়রানী শিকার হতে হচ্ছে। দালালের পদাভারে থানা কম্পাউন্ড মুখড়িত থাকায় সাধারণ কোন ফরিয়াদী সুবিচার পাচ্ছেনা। বঞ্চিত হচ্ছে ন্যায্য অধিকার থেকে। যেখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলেন সেখানে চকরিয়ার এ মুক্তিযোদ্ধাকে কোন কারণ বিহীন বিনা নোটিশে পুলিশ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে মোবাইল থানায় যাওয়ার হুমকি দিয়েছে। এমনকি ক্ষমতাসীন দলের কতিপয় এসব দালাল নেতারা তাদের ডাকে থানায় না গেলে এ মুক্তিযোদ্ধাকে বিভিন্নভাবে মামলায় জড়িয়ে দেয়ার ও রাস্তা-ঘাটে নাজেহাল করারও হুমকি দেন। এনিয়ে মুক্তিযোদ্ধা সাংবাদিক সিরাজুল হক সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে বিভিন্ন মারফতে যোগাযোগ করা হলে পুলিশ কর্মকর্তারা এধরণের কোন কাজে নেতাদের বা দালালদের থানায় ডাকতে দায়িত্ব দেননি বলেও জানিয়েছেন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধার সাথে এধরণের কোন আচরণ করে থাকলে অন্যায় হয়েছে। কারা এধরণের কাজ করেছে তা দেখে ব্যবস্থা নেয়া হবে।
চকরিয়ায় সীমানা বিরোধের জের ধরে কয়েক দফা হামলা
চকরিয়ায় বসতভীটার সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষের তিন দফায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এনিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ৫জনকে আসামী করে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সিআর নং ৬৭৯/১৪) দায়ের করেছেন। উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার ষ্টেশন এলাকায় ঘটেছে এঘটনা।
অভিযোগে জানাগেছে, ওই এলাকার মৃত আবদুর রহমানের পুত্র আলী হোসেন (৩২) গংয়ের সীমানাঘেষা কিছু জমি জবর দখলের চেষ্টা চালায় একই এলাকার দৌলত মিয়ার পুত্র সামাদুল করিম রুবেল গং। সর্বশেষ বার আগষ্ট রাত ১০টায় ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফেরার পথে জিদ্দাবাজার ষ্টেশন এলাকায় আলি হোসেনের উপর ৭/৮জনের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এসময় তার পকেটে থাকা ব্যবসায়ীক ৮৭হাজার টাকা ও ৬হাজার টাকা মূল্যের মোবাইল সেট ছিনিয়ে নেয়। তাকে হাসপাতালে ভর্তি করা হলে ২য় দফায় বাড়িতে হামলা চালায়। এসময় তার স্ত্রীকে মারধরের পর শ্লীলতাহানির চেষ্টা চালায়। আলমারি ভেঙ্গে লুট করে নেয় ৪৫হাজার টাকা মূল্যের ১ভরি স্বর্ণের চেইন ও ২৫হাজার টাকার মূল্যমান কাপড়-চোপড়সহ মোট ১লাখ ৬৩হাজার টাকার মালামাল লুট করে। বাধা দিতে গিয়ে আহত হয় তার ভাই জাহাঙ্গীর আলম, নুরুল আজিম, মো: হাসানকে। এমনকি হাসপাতাল থেকে চিকিৎসা করে ফেরার পথে সোসাইটি শাহ বোর্ডিংয়ের সামনে তৃতীয় দফা হামলা চালায়। এঘটনায় পরদিন তের আগষ্ট আলী হোসেন বাদী হয়ে সামাদুল করিম রুবেল, আবদুর রহিম রমিজ, জাফর আহমদ, রোকেয়া বেগম ও দৌলত মিয়াকে আসামী করে আদালতে উক্ত মামলাটি দায়ের করেন।
আসামীদের বিরুদ্ধে চকরিয়া আদালতের পরোয়ানা জারি হওয়ায় বাদীকে হুমকি
পেকুয়া উপজেলার মেহেরনামা ও বারবাকিয়ায় নতুন বসতঘর করে সংসার পরিচালনার পরও রেহায় পাচ্ছেনা এক ক্ষতিগ্রস্ত হতভাগা পরিবার। এমনকি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলায় আদালতের পরোয়ানা জারির পরও থেমে নেই হুমকি-ধমকি। হুমকির অভিযোগে কুলছুমা বেগম বাদী হয়ে গত ৩১আগষ্ট থানায় একটি সাধারণ ডায়ের করেছেন
অভিযোগে জানাগেছে, পেকুয়া দক্ষিণ মেহেরনামা গ্রামের নুরুল হোসেনের পুত্র খোরশেদ আলমের সাথে বিয়ে হয় একই এলাকার মোহাম্মদ হোসেনের কন্যা কুলছুমা বেগমের। স্ত্রী কুলছুমার পৈত্রিক জমিতে বসবাস করার কারণে ওইজমি জোর পূর্বক জবর দখলের চেস্টা চালায় চাচা জাকের উল্লাহ জালালী। ঘটনারদিন ভাতিজী কুলছুমাকে মারতে নাপেরে স্বামী খোরশেদ আলমের উপর সশস্ত্র হামলা, বসতঘর লুটপাট ও বাড়ি থেকে উচ্ছেদ করে আপন চাচা। হামলায় কানের একাংশ বিচ্ছিন্নসহ গুরুতর জখমপ্রাপ্ত হয় খোরশেদ আলম। এনিয়ে জাকের উল্লাহ জালালী সহ ৯জনকে আসামী করে চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (মামলা নং ১২৩৫/১১) দায়ের করেন। ওই মামলায় আলাদত তদন্ত প্রতিবেদন রিপোটে সত্যতা পাওয়ার পর আসামীদের বিরুদ্ধে ২৯জুন’১৪ইং গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এ আদেশের বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্ষতিগ্রস্ত পরিবার আসামীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানিয়েছেন।
চকরিয়ায় বাড়িতে ডাকাতি ও গৃহবধু খুনের ঘটনায় সন্দেহভাজন দুই আসামি গ্রেফতার
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামে ছৈয়দ আহমদ সওদাগরের বাড়িতে ডাকাতি ও গৃহবধু খুনের ঘটনায় পুলিশ আরো দুই সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এস.আই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশদল গতকাল মঙ্গলবার দুপুরে রংমহল গ্রাম থেকে ফিরোজ মিয়ার ছেলে শাহাজাহানকে (২৫) আটক করেন। আগের রাতে ডুলাহাজারা বাজারস্থ তেলিপাট্টি সড়ক থেকে মোহাম্মদ কালুর ছেলে আবু বক্করকে (৩৮) আটক করা হয়েছে। তিনি বলেন, ধারনা করা হচ্ছে গ্রেফতারকৃতরা ব্যবসায়ীর বাড়ি ডাকাতিতে জড়িত থাকতে পারে। তাদেরকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চকরিয়ায় ৬০ ফুট চোরাই গর্জন গাছ উদ্ধার
চকরিয়ায় বনবিভাগের অভিযানে মজুদকৃত প্রায় ৬০ ঘনফুট চোরাই গর্জন গাছ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খুটাখালী বনবিট কর্মকর্তা মো তৌহিদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা বনবিটের ছনখোলা নামক স্থানে এ অভিযান চালায়।
বনকর্মীরা জানান, কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়ার খুটাখালী বনবিটের আওতাধীন ছনখোলা নামক স্থানে চোরাই কাঠ মজুদের খবর পেয়ে অভিযান চালায়। এসময় বনকর্মীরা মজুদ অবস্থায় প্রায় ৬০ ঘনফুট চোরাই গর্জন গাছ উদ্ধার করেন।
পেকুয়ায় তিন ছিনতাইকারী আটক
পেকুয়ায় ছিনতাইকারী সন্দেহে ৩জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতেপেকুয়া সদর ইউনিয়নের নুইন্নামইন্না ব্রীজ এলাকা হতে তাদের আটক করে। আটককৃতরা হলেন, রায়হান (২৩), মনির(১৯) ও ইব্রাহিম (২৬)। তবে তাদের পিতার নাম পুলিশ জানায়নি। তারা সকলেই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ৩জন ছিনতাইয়ের উদেশ্যে সেখানে অবস্থান করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পেকুয়া থানার এসআই আব্দুল মতিন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে জি আর ৩৩ ও জি আর৮৭/১২ মামলার পলাতক আসামী। তাদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমেজেল হাজতে পাঠানো হয়েছে।
চকরিয়ায় তথ্য গোপনের মাধ্যমে পরিষদ থেকে ভূঁয়া ওয়ারিশ সনদ উত্তোলনের অভিযোগ
চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদ থেকে কৌশলে তথ্য গোপন করে একটি চক্র ভুঁয়া ওয়ারিশ সনদ উত্তোলন করে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ওই ভুঁয়া ওয়ারিশ সনদ ব্যবহার করে চক্রটি বর্তমানে চকরিয়া ও পেকুয়ার ভুমি অফিসে ফের ভুয়াঁ নামজারি জমাভাগ খতিয়ান সৃজনের পায়ঁতারা চালাচ্ছে। এ ঘটনায় খোদ ইউপি চেয়ারম্যান হতবাক হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, স্থানীয় ইউপি সদস্য ও পরিষদের চৌকিদারকে ভুল তথ্য দিয়ে কৌশলে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিপাড়ার মৃত বদিউর রহমানের ছেলে হাজী হুমায়ুন কবির ও নুরুল কবির প্রতারনার আশ্রয় নিয়ে চকরিয়ার কোনাখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার মরহুম হামিদ আলী পিতা মরহুম তোফর আলীর ওয়ারিশ হিসেবে মেয়ে আলম শাইরকে দাবি করে অভিযুক্ত হুমায়ুন ও নুরুল কবির পরিষদ থেকে সনদটি নেয়। ইউপি চেয়ারম্যান আরো বলেন, বিষয়টি সম্পর্কে পরিষদে কোণাখালী কুতুবদিয়া পাড়ার মরহুম হামিদ আলীর ওয়ারিশরা অভিযোগ করেন। এরপর কোণাখালী ও বিএমচর ইউনিয়ন পরিষদের মৃত্যু রেজিষ্ট্রাট সরেজমিনে যাছাই বাচাই করে দেখা গেছে মরহুম হাজী হামিদ আলী ১৯৮৪ সালের ২০মার্চ মৃত্যু বরণ করেন। তিনি মৃত্যুকালে তার প্রকৃত ওয়ারিশ হিসেবে তিনপুত্র হাজী ছৈয়দ আহমদ, হাজী রমিজ আহমদ, মৌলভী নুরুল হক ও মেয়ে পুতুন বিবিকে রেখে যান। তদন্তে আরো পাওয়া যায়, মরহুম হামিদ আলী মুলত আলম সাইরকে পালিত মেয়ে হিসেবে লালন পালন করেছে। সেই হিসেবে আলম সাইর মরহুম হামিদ আলীর স্থাবর-অস্থাবর সহায় সম্পদের কোন ধরণের মালিকানার এখতিয়ার নেই।
সুত্র জানায়, মরহুম হামিদ আলীর স্থাবর-অস্থাবর সহায় সম্পদের কোন ধরণের মালিকানার বৈধতা না থাকলে চকরিয়ার কোনাখালী ইউপি চেয়ারম্যানের অজান্তে পরিষদের মেম্বার ও চৌকিদারদের ভুল তথ্য দিয়ে আলম সাইরের ওয়ারিশ হিসেবে পেকুয়ার মগনামা ইউনিয়নের আফজলি পাড়ার হাজী হুমায়ুন কবির ও নুরুল কবির গত ২৩ আগষ্ট তারিখে একটি ওয়ারিশ সনদ নেন। এতে তথ্য দেখানো হয় হামিদ আলী মারা গেছেন ১৯৮৮সালে। এদিকে সনদটি নেয়ার পর অভিযুক্তরা কৌশলে চকরিয়া ও পেকুয়া ভুমি অফিসে যোগাযোগ করে ফের ভুঁয়া নামজারি খতিয়ান সৃজনের চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে কোণাখালী ইউপি চেয়ারম্যান তার পরিষদ থেকে দেয়া সনদটি ভুঁয়া হিসেবে প্রমাণিত করে এটি বাতিল করেন। এছাড়াও তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চকরিয়া ও পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভুমির কাছে গত ৩১ আগষ্ট লিখিত অবহিত পত্র পাঠিয়েছেন।



















