ইমরান হোসাইন, রাজশাহী : সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক নাম শাহজাহান আলীকে আটক করেছে পুলিশ। তিনি নগরীর আমবাগান এলাকায় অবস্থিত আরএমপির পশ্চিম জোনের কার্যালয়ে কর্মরত। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শাহজাহান আলীকে আটক করা হয়।

পুলিশ জানায়, শাহজাহান আলী দীর্ঘদিন থেকে চাকরি দেয়ার নাম করে মানুষের কাছে থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছিলেন। এমন কয়েকজন ভুক্তভোগী তার নামে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ৯টায় তাকে উপশহরের সেনানিবাস এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়।
এদিকে, নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবদুস সোবহান জানান, আটক শাহজাহান আলীকে থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের আদেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
তানোরে ছিনতাইকারীকে ধরিয়ে দিলেন স্থানীয় জনগণ

রাজশাহীর তানোরে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরেছেন স্থানীয় জনগন। গতকাল বুধবার বিকেলে উপজেলার বনকেশর মোড় এলাকায় তাদের আটক করা হয়। এ ঘটনায় তানোর উপজেলার গোবিন্দপুর গ্রামের হাসেম আলী বাদী হয়ে তানোর থানায় মামলা করেছেন।
আটককৃতরা হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের ময়েজ উদ্দিনের পুত্র হাফিজুর রহমান (২৫) একই উপজেলার কিত্তলী গ্রামের হাতেমের পুত্র মুরাদ (১৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বনকেশর ব্রিজ এলাকায় হাসেমের কাছে পুলিশ পরিচয়ে মোবাইল ও টাকা কেঁড়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় ওই দুই ছিনতাইকারী। এসময় হাসেমের চিৎকারে বনকেশর মোড়ের লোকজন তাদের আটক করে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত ছিনতাইকারী ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃতদের নামে থানায় ছিনতাই মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।



















