ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতকে গাছের ডাল ভাংতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকার হাসান মিয়ার পুত্র। বর্তমানে রুবেল পৌর শহরের পেট্রোল পাম্প এলাকার একটি কলোনিতে বসবাস করতো। সকালে মাছ ধরা থেকে ফেরার পথে কদম গাছের ডাল ভাংতে গিয়ে বৈদ্যুতিক সর্টে পানিতে পড়ে যায় রুবেল। মুমূর্ষ অবস্থায় তাকে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

ছাতকে কমর আলী স্কুল পরিচালনা কমিটির
সদস্যের উপর হামলার নিন্দা, থানায় মামলা দায়ের
ছাতকের কালারুকা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শফিউল আলম জহিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে নিন্দা প্রকাশ করা হয়েছে। একই সাথে বিদ্যালয় বাউন্ডারীর ভিতর সবধরনের সন্ত্রাসী কর্মকান্ড নিষিদ্ধের প্রস্তাব আনা হয়। গতকাল বুধবার সকালে পূর্ব নির্ধারিত ২২গ্রামবাসীর সভা অনুষ্ঠিত না হওয়ায় ম্যানেজিং কমিটির পক্ষে এ নিন্দা প্রস্তাব আনা হয়। এদিকে ঘটনার সাথে জড়িতরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদী পক্ষের লোকজন। গত ৯আগষ্ট বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানীর ঘটনায় সালিশ বৈঠকে সন্ত্রাসী হামলা চালানো হয় শফিউল আলম জহিকের উপর। তাকে বেধরক মারপিটসহ গুরুতর আহত করে তার বসত বাড়িতে হামলা করার প্রস্তুতি নেয় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ১৪আগষ্ট শফিউল আলম জহিক বাদী হয়ে কালারুকা গ্রামের আব্দুর রউফের পুত্র রিয়াজ উদ্দিন ও সাবেক ইউপি চেয়ারম্যান অদুদ আলমসহ ২৫জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করেন। মামলা দায়েরের এক সপ্তাহ অতিক্রম হলেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীও জানিয়েছেন বাদী পক্ষের লোকজন। বিগত দিনেও অদুদ আলম ও তার লোকজন দ্বারা ইউপি সচিব আলা উদ্দিন, আব্দুর রহিম মাস্টার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে বাদী পক্ষের লোকজন জানিয়েছেন। এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষকসহ কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। এ সময় মকসুদ আলী, লাল মিয়া, ওয়ারিছ মিয়া, আনোয়ার হোসেন, কাইয়ূম মিয়া, শহিদ মিয়া উপস্থিত ছিলেন।

চৌধুরী মুমতাজ গ্রেফতারে
ছাতক প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ
দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ছাতক প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একটি সাজানো ও মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নেতৃবৃন্দ দাবী করেছেন। এক বিবৃতিতে ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর-রশীদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক চান মিয়া, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, দপ্তর সম্পাদক বিজয় দত্ত, প্রচার সম্পাদক রাজ উদ্দিন, সদস্য ডাঃ সুধাম দেব, বিজয় রায়, নুর মিয়া রাজু, রেজাউল করিম রেজা, নুরুল ইসলাম, হামিদুর রহমান বাবলু, তপন জ্যোতি, কৃপেশ চন্দসহ নেতৃবৃন্দ চৌধুরী মুমতাজ আহমদের নিঃশর্ত মুক্তির দাবী করেছেন। এদিকে সংবাদ সংক্রান্ত বিষয়ে দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে গ্রেফতার করায় ক্ষোভ প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। অবিলম্বে রবিউল্লাহ রবি’র মুক্তির দাবী করেছেন তারা।
ছাতকে খাদিজা বেগম চৌধুরীর
জিপিএ-৫ লাভ
ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে খাদিজা বেগম চৌধুরী এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেছে। সে পৌর শহরের নোয়ারাই এলাকার ব্যবসায়ী আজিজুর রহমান চৌধুরী ও গৃহিনী শাহানারা বেগমের কন্যা। ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আগ্রহী খাদিজা সকলের দোয়া প্রার্থী।



















