কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে মজিদপুর বায়সা সড়কটি পাকা না হওয়ায় পার্শ¦বর্তী ৪ গ্রামের হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগ পোহাচ্ছেন।বর্ষা মৌসুমে পথচারিদের হাটু পর্যন্ত কাদা ডিঙিয়ে কেশবপুর শহরসহ অন্যান্য স্থানে যেতে হয়।এলাকাবাসি দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও তা আজও বাস্তবায়ন হয়নি।
জানাগেছে, কেশবপুর সাগরদাঁড়ি সড়কের মজিদপুর ঈদগাহ থেকে বায়সা পর্যন্ত ৩ কিলোমিটার একটি সরকারি রাস্তা রয়েছে। বায়সা গ্রামে একটি সরকারি প্রাইমারি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা স্থাপিত হওয়ায় রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। দীর্ঘদিনেও রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই হাটু পর্যন্ত কাদা জমে যায়। ফলে এলাকার জনগণের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, কৃষিপণ্য বাজারজাতসহ প্রশাসনিক কাজে মজিদপুর, বায়সা, বাগদা,ও শ্রীরামপুর গ্রামের ২০ হাজার মানুষের যোগযোগে চরম বিঘ্ন ঘটছে। মজিদপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ জানান, এ রাস্তা দিয়ে অতিকষ্টে উপার্জিত ফসল সময়মত বাজারজাত করতে না পারায় আমরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছি। তাছাড়া ্এলাকার ট্রাক্টর ও পাওয়ার টিলার চালকরা রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে বলে অসংখ্য খানা খন্দের সৃষ্টি হয়ে রাস্তাটি একেবারেই ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বায়সা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান জানান, রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা সময়মত ক্লাসে উপস্থিত হতে পারে না। জরুরী ও মুমূর্ষু রোগীকে প্রায় ৫ কিলোমিটার ঘুরে কেশবপুর শহরে আনতে হয়। ভালো যোগযোগ ব্যবস্থা না থাকায় বিভিন্ন প্রশাসনিক ও এনজিও কর্মকর্তারা এই এলাকায় তাদের কর্মসূচী বাস্তবায়ন করতে চাইলেও তা পারে না।
মজিদপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল আহাদ বলেন, রাস্তাটি পাকাকরণে চুড়ান্ত তালিকাভূক্ত করা হয়েছে। রাস্তাটি পাকাকরণ হলে যশোর জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলা সদরের সাথে সরাসরি যোগযোগ সম্ভব হবে।



















