এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) : উপকূলীয় অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘ প্রত্যাশিত জাতীয় চিংড়ি নীতিমালা-২০১৪ এর খসড়া মন্ত্রীসভার বৈঠকে অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোঃ সায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সহ মন্ত্রীসভার সকল সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য, আশির দশকে উপকূলীয় এলাকায় শুরু হয় লবণ পানির চিংড়ি চাষ। বর্তমানে উপকূলীয় খুলনার পাইকগাছায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে। এ এলাকা থেকে প্রতি বছর ৫ হাজার মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হয়ে থাকে। গত ৩০/৩৫ বছরেও চিংড়ি চাষের জন্য আলাদা কোন নীতিমালা না থাকায় অপরিকল্পিতভাবে চাষাবাদ করায় একদিকে কাঙ্খিত চিংড়ির উৎপাদন হচ্ছে না। অপর দিকে মারাত্মকভাবে বিপর্যয় ঘটছে পরিবেশের। এছাড়াও অধিকাংশ বৃহৎ আয়তনের চিংড়ি ঘের প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকায় জমির মালিক হয়েও এ অঞ্চলের সাধারণ মানুষ ভূমিহীন। চিংড়ির মান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি সহ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের অধিকার নিশ্চিত করতে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন জাতীয় চিংড়ি নীতিমালা দাবী করে আসছিল। ১৯৮৮ সালের মৎস্য নীতিমালার পর এ অঞ্চলের মানুষের দাবীর প্রেক্ষিতে বর্তমান সরকার ২০০৮ সালে ক্ষমতা গ্রহণের পর চিংড়ি ঘেরের আয়তন ৫০-৬০ বিঘার মধ্যে সীমাবদ্ধ রেখে চিংড়ির জন্য আলাদা নীতিমালার প্রক্রিয়া শুরু করলেও গত ৫ বছরে নীতিমালাটি আলোর মুখ দেখেনি। এ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশসহ এলাকাবাসীর দাবীর সাথে একাত্বতা পোষণ করে পাইকগাছা-কয়রার এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক গত ২৭ ফেব্র“য়ারী জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা রাখতে গিয়ে জাতীয় চিংড়ি নীতিমালা চুড়ান্ত করার জন্য জোরালো আবেদন করেন। অবশেষে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে জাতীয় চিংড়ি নীতিমালা-২০১৪ এর খসড়া অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীবর্গের অভিনন্দন জানিয়েছেন উপকূলীয় অঞ্চলের মানুষ। এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক বলেন, চিংড়ি চাষের আলাদা কোন নীতিমালা না থাকায় অপরিকল্পিতভাবে চাষাবাদের ফলে একদিকে কাংখিত চিংড়ির উৎপাদন হচ্ছে না। অপরদিকে বৃহৎ আয়তনের চিংড়ি ঘেরগুলো বছরের পর বছর ধরে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকায় সাধারণ জমির মালিকরা দীর্ঘদিন অধিকার বঞ্চিত রয়েছে। হামলা-মামলা, নির্যাতন ও অভাব অনাটনের কারণে প্রত্যন্ত অঞ্চলের সনাতন ধর্মের অনেকই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। নীতিমালাটি চুড়ান্ত হলে ক্ষুদ্র ও প্রান্তিক চিংড়ি চাষীদের অধিকার নিশ্চিত সহ চিংড়ির মান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি জানান। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীবর্গকে অভিনন্দন জানান। অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন, চিংড়ি চাষী সমিতির অন্যতম নেতা ও পাইকগাছা পৌরসভার মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, ধান, মাছ, পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি মোঃ আজমল হোসেন, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস,এম, আলাউদ্দিন সোহাগ, সমাজকল্যাণ সম্পাদক স্নেহেন্দু বিকাশ ও সাংবাদিক এন. ইসলাম সাগর।
পাইকগাছায় উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, এ্যাডঃ রেখা রাণী বিশ্বাস, ইউপি সদস্য আফজাল হোসেন ও নিজেরা করি’র আভা রাহা। অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপান্তরের উপজেলা সুপার ভাইজার চম্পক কুমার ঘোষ।



















