ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে শাপলা ফুল কুড়াতে গিয়ে বিলের পানিতে নিখোঁজ হওয়া সমর দাস (৪৭)’র লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দু’দিন পর একই সময়ে একই জায়গায় তার লাশ ভেসে উঠে। গতকাল মঙ্গলবার সকালে তেরাবিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে পৌর শহরের তাতিকোনা গ্রামের মৃত সুরেশ দাসের পুত্র। রোববার হিন্দু ধর্মাবলম্বিদের মনসা পূজার জন্য শাপলা ফুল কুড়াতে যায় সমর দাস ও একই গ্রামের সুকান্ত দাস। তেরাবিলে নেমে শাপলা ফুল কুড়ানোর এক পর্যায়ে সমর দাস পানিতে তলিয়ে নিখোঁজ হয়। ডুবুরি নামিয়ে ও জাল ফেলে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।

ছাতকে সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত
ছাতকে সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক সপ্তাহ ধরে টানা বর্ষণ ও পাহাড়িঢলে উপজেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকশ’ কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ ও গ্রামীণ সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। শ’শ’ একর আমন ফসলের ক্ষেত তলিয়ে গেছে। হাঁস-মোরগ ও মৎস্য খামার ক্ষতিগ্রস্থ হয়েছে। ভারীবর্ষন অব্যাহত থাকায় বার্জ, কার্গো ও বলগেট নৌকায় লোড-আনলোড প্রায় বন্ধ হয়ে গেছে। বড় ধরনের বন্যার আশংকা করছেন স্থানীয় লোকজন। ইতিমধ্যেই বহু গ্রামের হাজার-হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে। নাইন্দার হাওর, রাঙ্গাডিঙ্গা হাওর, সিংচাপইড় হাওর, ফাটার হাওরসহ বেশ কয়েকটি হাওরের রোপা আমন ক্ষেত ও বীজতলা সম্পর্নূ বিনষ্ট হয়ে গেছে। কালারুকা ইউনিয়নের মিত্রগাঁও, চানপুর সড়ক পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক তলিয়ে যোগযোগ ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে। পৌরসভাসহ ইসলামপুর, নোয়ারাই, চরমহল্লা, সদর, জাউয়া, সিংচাপইড়, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ, ভাতগাঁও, দোলারবাজার ইউনিয়নের নিুাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য থেকে জানা গেছে, রোপা আমনের ৩শ’ ১৪হেক্টর বীজতলা ও ৩শ’ ৬৭হেক্টর ফসলী ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

ছাতকে এক ব্যবসায়ীর দোকানঘর দখলসহ সাড়ে ৯লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
ছাতকে এক লন্ডন প্রবাসী ব্যবসায়ীর ৯লক্ষ ৪০হাজার টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ছাতক থানায় গত রোববার ৮জনের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ থেকে জানা যায়, কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের ফখরুল ইসলামের পুত্র লন্ডন প্রবাসী আব্দুল্লাহ (৩০) দু’বছর আগে লন্ডন থেকে এসে পার্টনারশীপ মাটির ব্যবসা শুরু করেন হাসনাবাদ গ্রামের তার পূর্ব পরিচিত তাজুল ইসলামের সাথে। এতে প্রবাসী আব্দুল্লাহ ব্যবসায় মুলধন ৫লক্ষ ৭৫হাজার টাকা বিনিয়োগ করেন। ব্যবসার মুলধন তাজুল ইসলাম আত্মসাত করলে এ নিয়ে আব্দুল্লাহ ও তাজুল ইসলামের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি সালিশ বৈঠকের জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানান আব্দুল্লাহ। এতে তাজুল ইসলাম ও তার আত্মীয়-স্বজন বেশ ক্ষিপ্ত হয়ে উঠে আব্দুল্লাহর প্রতি। তারা তাকে নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। গত ১৪আগষ্ট আব্দুল্লাহর হাসনাবাদ বাজারের পৃথক ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ দখল করে নেয় তাজুল ইসলাম ও তার লোকজন। ওইদিন বিকেলে আব্দুল্লাহকে দোকান থেকে মারধর করে বের করে দিয়ে মালামালসহ রড- সিমেন্টের দোকান তাজুল ইসলাম দখলে নিয়ে তালাবদ্ধ করে রেখেছে। দোকানগৃহের ৩লক্ষ ৬৫হাজার টাকার মালামাল রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রোববার ছাতক থানায় হাসনাবাদ গ্রামের আজাদ মিয়ার পুত্র তাজুল ইসলাম, জাকির মিয়া, শরীফ উদ্দিন, আনফর আলীর পুত্র দুদু মিয়া, মাওলানা আজাদ মিয়া, দুদু মিয়ার পুত্র ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন, ইমাম উদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ দেন লন্ডন প্রবাসী আব্দুল্লাহ।



















