অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় জমিতে ধানের চারা রোপণের মজুরীর দাম চাইতে গিয়ে উভয়পক্ষের হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ২০ জন। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মোহনকাঠী গ্রামে সোমবার বিকেলে শশধর মিস্ত্রীর ছেলে সমীর মিস্ত্রী একই এলাকার পরীক্ষিত বল্লভের ছেলে সুভাষের কাছে তাদের জমিতে বীজ ধানের চারা রোপণের মজুরীর দাম চাইতে গেলে টাকা না দিয়ে তাকে উল্টো মারধর করে আহত করে। এর প্রতিবাদ করতে গেলে সুভাষের নেতৃত্বে তার লোকজন বিমল মিস্ত্রী, সুশান্ত মিস্ত্রী, সুব্রত, অলিন, সম্রাট, ননী, সুকলাল, সুকদেব রায়, লক্ষ্মী রাণী মিস্ত্রী, সুলতা রাণী, বকুল রানী, ঝর্ণা রাণীকে মারধর করে আহত করে। এসময় উভয়পক্ষের হামলা-সংঘর্ষে সুভাষ বল্লভ, ক্ষিতীশ, যতীন, সুবল মন্ডলসহ ২০ জন আহত হয়। গুরুতর আহত বিমল মিস্ত্রী ও সুশান্ত মিস্ত্রীকে আগৈলঝাড়া হাসপাতালে এবং সুভাষ বল্লভকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আগৈলঝাড়ায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে প্রতিবন্ধি এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার পয়সা গ্রামের এচাহাক শেখের ৬ বছরের প্রতিবন্ধী মেয়ে উম্মে সোহেদা সোমবার বিকেলে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাতে মুমুর্ষ অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে আনা হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বৃদ্ধা জামিরুন্নেছা :
মামলা উত্তোলনে বাদীকে হুমকি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হত্যা মামলার প্রধান আসামী কর্তৃক কুপিয়ে ক্ষতবিক্ষত করা বৃদ্ধা জামিরুন্নেছা (৬৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
জানা গেছে, গত ২৯ মে নিজ বসতঘরে মাগরিবের নামাজ পড়া অবস্থায় একই এলাকার আ. হক মোল্লার ছেলে আনিচ মোল্লা ও মৃত জয়নাল আবেদীন মোল্লার ছেলে কালু মোল্লা ধারালো দা দিয়ে এলোপাথারী কুপিয়ে শরীরের বিভিন্নস্থানে ক্ষতবিক্ষত করে হত্যার চেষ্টা করে। এসময় বৃদ্ধার ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আনিচকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। কিন্তু হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী কালু মোল্লা পালিয়ে যায়। বর্তমানে বৃদ্ধা জামিরুন্নেছা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হামলার ঘটনায় শাহআলম মোল্লা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় আনিচ ও কালু মোল্লার নামে মামলা দায়ের করে। বর্তমানে আনিচ জেলহাজতে থাকলেও কালু গত ২০ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ২৮ দিনের উচ্চাদালত থেকে জামিনে এলাকায় এসে মামলা উত্তোলনের জন্য বিভিন্ন ধরণের ভয়ভীতিসহ জীবননাশের হুমকি দিয়ে আসছিল। গত ১৮ আগস্ট কালুর ২৮দিনের উচ্চাদালত থেকে জামিনের মেয়াদ শেষ হওয়ায় বরিশাল আদালতে হাজির হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল কবিরের বেঞ্চে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
আগৈলঝাড়ায় গাঁজাসহ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার হয়েছে এক ছাত্রলীগ কর্মী। ভ্রাম্যমান আদালত একমাসের জেল দিয়েছে ।
জানা গেছে, গতকাল উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের পুলিশ সদস্য রমিজুর রহমান হান্নান সরদারের ছেলে ছাত্রলীগ কর্মী রাকিব সরদারকে কয়েক পুরিয়া গাঁজাসহ গোপন সংবাদের ভিত্তেতে আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন রাকিবকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার সকালে ছাত্রলীগ কর্মী রাকিবকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবী চন্দ’র আদালতে হাজির করা হলে বিচারক তাকে একমাসের কারাদন্ড প্রদান করেছে। এরপূর্বেও ছাত্রলীগ কর্মী রাকিব সরদার ইয়াবাসহ গ্রেফতার হওয়ার পর ভ্রাম্যমান আদালত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ছয়মাসের সাজা প্রদান করে। সাজা শেষে জামিনে বের হয়ে আবারও মাদকের জমজমাট ব্যবসা শুরু করে।
একটি সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কয়েকজন পাতি নেতার ছত্রছায়ায় প্রশাসনের একটি মহলের মদদে উপজেলার সর্বত্র মাদকের জমজমাট ব্যবসা চলছে।



















