রংপুর প্রতিনিধি : রংপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১৩টি দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ আগষ্ট রবিবার মধ্যরাতে মহানগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া ওয়ারিদ টাওয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে আজ সোমবার দুপুর ২টায় কোতয়ালী থানায় প্রেসব্রিফিংকালে রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম বলেন, গ্রেফতারকৃতরা সকলেই সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িত।

জানা যায়, গতকাল মধ্যরাতে মহানগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ডাকাত দলের ১২ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, সাতমাথা শনিরবাড়ী এলাকার মজিবরের পুত্র কালু (২৮), পশ্চিম জুম্মাপাড়ার হাফিজ উদ্দিনের পুত্র আতারুল (২৪), একই এলাকার মৃত. সামসুদ্দিনের পুত্র ফকিরা (২৪), ইসলামপুর হনুমান তলার ভুট্টুর পুত্র মানিক (২২), মৃত. কুদ্দুস মন্ডলের পুত্র বিছ কালাই (২৪), মুলাটেল পুকুরপাড়ের মৃত. আব্দুল হকের পুত্র জিয়া (৩০), সাতমাথা এলাকার মন্জু মিয়ার পুত্র আজাদ (২২), সাতগাড়া মিস্ত্রিপাড়ার হামিদুজ্জামানের পুত্র কামেল (২০), মুলাটোলের হানিফের পুত্র শাকিল (২২), পূর্ব গুপ্তপাড়ার আবুল কালামের পুত্র মিন্টু (২০), গুপ্তপাড়া ব্রীজ এলাকার আব্দুল আজিজের পুত্র রবিন (২০) এবং তাঁতীপাড়ার কার্তিকের পুত্র বিল¬া (২২)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি ছোড়া, ২টি বেকী (হাসুয়া), ২টি স্টিলের চাপাতি, ১টি তলোয়ার, ৩টি রাম দা এবং একটি লম্বা পাইপ উদ্ধার করা হয়।



















