ads

সোমবার , ১৮ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীর মেঘনা-শীতলক্ষ্মার সুস্বাদু বেলে মাছ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে

খবর টি পড়েছেন : ১৯২
নরসিংদীর মেঘনা-শীতলক্ষ্মার সুস্বাদু বেলে মাছ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Picture-1 (A)এম,লুত্ফর রহমান, নরসিংদী : বর্ষাকালের অত্যন্ত সুস্বাদু মাছ বেলে। আঞ্চলিক ভাষায় বলা হয় বাইলা। যুগ যুগ ধরে বাঙ্গালীর ঘরে ঘরে জনপ্রিয় এই বেলে মাছ। মাছটি দেখতে অনেকটা বেলনার মত। মাথাটি চোখা। মুখের নিচে লম্বাটে চোয়াল রয়েছে। ঠোট গুলো পুরু। চোয়ালে রয়েছে চিকন কাঁটার মত অসংখ্য দাঁত। শরীরের উপরের দিকটি ধূসর রংয়ের। বেলুনের মত সারা শরীরটি স্বচ্ছ পাতলা আঁশে ঢাকা। পিঠের মাঝখানে কাঁটাবিহীন পাখনা রয়েছে। সবমিলিয়ে অত্যন্ত দৃষ্টি নন্দন এই মাছটির স্থায়ী নিবাস মেঘনা, শীতলক্ষ্যাসহ বিভিন্ন খরস্রোতা নদ-নদীর তলদেশে। তবে বর্ষা ঋতুতে নদ-নদী ভরে টইটুম্বুর হয়ে গেলে এরা নদীর শাখা প্রশাখা, খাল-বিল, হাওড়-বাওড় এমনকি ডোবা-নালা পর্যন্ত ছড়িয়ে পড়ে। জৈষ্ঠ আষাঢ়-শ্রাবন মাসে ঢলের সময় ছোট ছোট খাল-বিলের পানি নদীতে গড়িয়ে গেলে বেলে মাছরা পানির উজানে উঠে আসে। ছড়িয়ে পড়ে ছোট বড় জলাশয় তথা প্লাবন ভূমিতে। আর তখনি মানুষ জাল বড়শী চাই ইত্যাদি দিয়ে বেলে মাছ শিকার করে। নদী বা খাল বিলের স্রোতের পানিতে টানা বড়শী বেয়ে ডুলা ভর্তি করে বেলে মাছ ধরত বাঙ্গালীরা। রাতে ক্ষেতের আইলে চাই, ঠুলি ও কই জাল পাতলে ধরা পড়ত বহু সংখ্যক বেলে মাছ। আষাঢ় মাস তথা বর্ষা মৌসুমেই বেলে মাছ খুব সুস্বাদু হয়ে থাকে। বর্ষা মৌসুমে বেলে মাছের পেটে হলুদ রংয়ের ডিম হয়। এই ডিম পাড়ার জন্যেই বেলে মাছেরা স্রোত বেয়ে খাল-বিলে চলে আসে। বর্ষাকালে ডিম ওয়ালা এক টুকরো বেলে মাছ বাঙ্গালীর রসনা তৃপ্ত করে। বেলে মাছের কাঁচা ভূনা এতই স্বাদের যে একবার খেলে তার স্বাদ জিভে লেগে থাকে দীর্ঘ সময়। লম্বা বেগুনের সাথে বেলে মাছের রয়েছে এক অপূর্ব রাসায়নিক মিল। লম্বা বেগুন ফালি করে, বেলে মাছ মাঝখান থেকে কেটে দুই ফালি করে একত্রে পাতলা ঝোল রান্না করলে যে কোন গোশতের চেয়েও স্বাদ বেশী পাওয়া যায়। তেলে ভাজা বেলে মাছের ডিম অত্যন্ত সুস্বাদু। তাছাড়া বেলে মাছ হালকা ভেজে পেয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে কষা ভূনা করেও খেয়ে থাকে বাঙ্গালীরা। বেলে মাছে কোন ক্ষতিকর চর্বি না থাকায় যেকোন রোগীরাও এ মাছ অনায়াসে খেতে পারে। বেলে মাছের মাংসালু চোয়ালের কড়কড়ে ভাজা খুবই মজা। ৮০’র দশকের পূর্বেও নরসিংদীর মেঘনা, শীতলক্ষা, আড়িয়ালখা, হাড়িধোয়া সহ খাল বিল পুকুর এমনকি বিভিন্ন ডোবানালাতেও ছিল বেলে মাছের ছড়াছড়ি। নরসিংদীর মেঘনা নদীর নিলক্ষা, চরমধুয়া, শ্রীনগর, মরিচাকান্দী, আলোকবালী এলাকায় প্রচুর পরিমানে বেলে মাছ পাওয়া যেত। নরসিংদীর এসব সুস্বাদু বেলে মাছ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রফতানী হত। বেলে মাছের সংখ্যা এতই বেশী ছিল যে নদ-নদীর কিনারা ও প্লাবন ভূমির স্বল্প পানি থেকে মানুষ রাতে বাতি নিয়ে অতি সহজে কোচ বিদ্ধ করে বেলে মাছ শিকার করত। বেলে মাছ খেতে খেতে মানুষের রুচি ফিরে যেত। এরশাদ শাসনামলে ৮০’র দশকের শেষ দিকে হঠাৎ মহামারী আকারে মাছের ক্ষতরোগ দেখা দেয়ার পর বেলে মাছের সংখ্যা আশংকাজনকভাবে কমে যায়। এর উপর নদী-নালার গভীরতা কমে যাওয়া, অবাধে মা মাছ শিকার এবং সাম্প্রতিককালে শিল্প বর্জ্যরে কারনে বিগত দুই দশকাধিককালে বেলে মাছ একেবারে বিলুপ্তির তালিকায় চলে আসে। নরসিংদীর বাজারগুলোতে ১ কেজি পরিমান বেলে মাছ থাউকা বিক্রি হত ৫০ থেকে ৬০ টাকা দরে। বর্তমানে ১ কেজি বেলে মাছ বিক্রি হচ্ছে ৮শ থেকে ১ হাজার টাকা দরে। সাধারন বাঙ্গালী এখন বেলে মাছ খাওয়া তো দূরের কথা চোখেও দেখতে পায় না। মেঘনায় যে সমস্ত বেলে মাছ ধরা পড়ে তার সবই চলে যায় রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে। এর একটি বড় অংশ চলে যায় পার্শ্ববর্তী দেশ ভারতে। একসময় ঢাকার হোটেল গুলোতে ২০ টাকায় ছোট আকারের ২০ বেলে মাছ বিক্রি হত। এখন ঢাকার হোটেল গুলোতে মাঝারি আকারের একটি বেলে মাছ বিক্রি হয় দেড় থেকে ২ শত টাকায়। মৎস বিজ্ঞানীদের মতে নরসিংদীর মেঘনা নদীতে বিভিন্ন প্রজাতির বেলে মাছ পাওয়া যেত। এর মধ্যে ধূসর, কালো, সাদাটে ছোট বড় কয়েক প্রজাতির বেলে মাছ রয়েছে। শীত মৌসুমে নরসিংদীর মেঘনায় সাদাটে একধরনের বেলে মাছ পাওয়া যায়। এই মাছ গুলো লম্বায় ৩/৪ ইঞ্চি হয়ে থাকে। এই মাছগুলোও খেতে অত্যন্ত সুস্বাদু। আশ্বিন কার্তিক মাসে বড় প্রজাতির বেলে মাছেরা কোন খাওয়া দাওয়া করে না। এসময় তারা নদীর তলদেশে বালির উপর কিংবা গর্তেও ভিতর পড়ে থাকে। তখন বেলে মাছদের মাথা ছাড়া সারা শরীর শুকিয়ে যায়। এসময় বাঙ্গালীরা বেলে মাছ খায় না। তখন বেলে মাছের আকার ব্যাঙাচির মত দেখা যায়। তখন বাঙ্গালীরা বেলে মাছের এই অবস্থাকে ‘কাতিমাইশা বাইলা’ বলে আখ্যায়িত করে। মৎস বিজ্ঞানীদের মতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে এই বেলে মাছ পাওয়া যায়। সারা পৃথিবীতেই বেলে মাছের চাহিদা রয়েছে। এই মাছের প্রতি ১০০ গ্রামে ১৪.৫ ভাগ প্রোটিন, ০.৫ ভাগ ফ্যাট, ১.০ গ্রাম লোহা, ৩৭০ মি.গ্রা ক্যালসিয়াম এবং ৩৩০ মি.গ্রা ফসফরাস থাকে। বেলে মাছের বংশ বৃদ্ধির জন্য এখনই ব্যবস্থা গ্রহন না করলে বাংলাদেশের আবহমান কালের ডায়েরী থেকে বিয়োগ ঘটবে আরেকটি জনপ্রিয় মাছের নাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হোসেনপুরে সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রী নিহত পরবর্তী সংবাদ ছাতকের নিম্নাঞ্চল প্লাবিত : সুরমা, চেলা ও পিয়াইন…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads