প্রতীক ওমর ,বগুড়া : বগুড়া শহরের সার্কিট হাউজের পার্শ্বে যৌনকর্মীদের ছুরিকাঘাতে মিনু (২৫) নামের এক যৌনকর্মী খুন হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজন যৌনকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে কাঞ্চন (২২) ও রেশমা (২৫) নিহত মিনু (২৫) সারিয়াকান্দি উপজেলার আন্দরবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ ফকিরের মেয়ে। বুধবার রাত ৯টার দিকে হত্যাকান্ডটি ঘটে।
পুলিশ জানায়, নিহত মিনুসহ আরো ৪/৫জনের একটি দল ভ্রাম্যমান পতিতা হিসেবে শহেরর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। সদর পুলিশ ফাঁড়ির পুলিশ কয়েকদিন আগে মিনুকে শহরের বড়গোলা এলাকার হোটেল পার্কে দেহব্যবসা করার অভিযোগে গ্রেফতার করে। বৃহস্পতিবার মিনু জামিনে বের হয়। পতিতাবৃত্তি নিয়ে মিনুর সাথে কাঞ্চন ও রেশমার বিরোধ চলছিল। কয়েক মাস আগে মিনু কাঞ্চনকে ছুরিকাঘাত করেছিল। এর পর থেকেই প্রতিশোধ নেয়ার জন্য কাঞ্চন মিনুকে খুজে বেড়াচ্ছিল। বুধবার রাত ৯টার দিকে মিনু খদ্দের ধরার জন্য সার্কিট হাউজের পার্শ্বে ঘোরাফেরা করছিল । এসময় আগে থেকেই সার্কিট হাউজের পার্শ্বে শহীদ খোকন পার্কের গেটে ওৎ পেতে ছিল কাঞ্চন, রেশমা ও কাঞ্চনের কথিত স্বামী পলিন। তারা মিনুকে একা পেয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে পুলিশ খবর পেয়ে মিনুকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মিনু মারা যায়। ঘটনার পর পরই পুলিশ শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে যৌনকর্মী কাঞ্চন ও রেশমাকে গ্রেফতার করে। এঘটনায় নিহত মিনুর মা জলি বেওয়া বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মঞ্জুরুল হক ভুঞা জানান ময়না তদন্ত শেষে লাশ তার মা গ্রহন করেছে। এদিকে গ্রামের বাড়িতে মিনুর লাশ নিয়ে যাওয়া হলে স্থানীয় লোকজন গোরস্থানে মিনুর লাশ দাফনে আপত্তি জানায়। পরে তার বাড়ির উঠানে কবর খুড়ে মিনুর লাশ দাফন করা হয়।



















