এস কে রঞ্জন , কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় আ’লীগের নাম ভাঙ্গিয়ে সাংবাদিক চঞ্চল সাহা ও তার পরিবারের কবলা জমি দখল করেছে সংঘবদ্ধ ভূমি দস্যু চক্র। ওই চক্রের সদস্য জেন্নাত আলী মোল্লা, আ.রশিদ হাওলাদার, রিমু মীর এবং সৈয়দ জাকির হোসেন জমি দখল করার জন্য দীর্ঘদিন ধরে তাদের হুমকিসহ ভয়-ভীতি দেখায়। এব্যাপারে ১২ আগষ্ট মঙ্গলবার রাতে কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে ।
চঞ্চল সাহা জানান, পৌরশহর সংলগ্ন ২৬৪/২ নং খতিয়ানের ৫৩৭ দাগে তাদের ২ একর ১ শতাংশ কবলা জমি রয়েছে। দীর্ঘ ৩০ বছর ধরে তারা শান্তিপূর্ন ভাবে ওই জমি ভোগ করে আসছে। কিন্তু ওই চক্রের সদস্যরা রবিবার ১০ আগষ্ট দুপুরে তাদের জমিতে অনধিকার প্রবেশ করে পূর্ব দিকের ১০টি পিলার উঠিয়ে কমপক্ষে ১৫ ফুট পশ্চিমে সরিয়ে পিলার গুলো পুঁেত রাখে। এতে ২ একর ১ শতাংশ জমির কমপক্ষে ৫০ শতাংশ জমি তারা অবৈধ দখল করে নেয়। অন্যদিকে একই মৌজার মো. হাবিবুর রহমানের জমিও একই ভাবে দখলের উদ্দেশ্যে তারা সিমানা পিলার পুঁতে রাখে। ওই ভুমি দস্যুরা বিভিন্ন লোকের সাথে ভাড়াটিয়া হিসেবে অন্যর জমিতে অবৈধ ভাবে পিলার পুঁেত পিলার বানিজ্য করে আসছে। এর আগে ওই সংঘবদ্ধ ভূমি দস্যু চক্র একই জায়গায় রাখাইন সম্প্রদায়ের জনৈক ব্যক্তির এবং আ.বারেক মিয়ার জমি জোড় পূর্বক দখলের উদ্দেশ্যে পিলার পুঁেত সাইন বোর্ড সাটিয়ে দিয়েছিল। সেখানে টিকতে না পেরে পরে সাংবাদিক চঞ্চল সাহা এবং তার পাশাপাশি মো, হাবিবুর রহমানের জমি অবৈধ দখলের উদ্দেশ্যে পিলার পুঁতে রাখে।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. মোতালেব তালুকদার জানান, এ ভূমি দস্যু গ্রুপ শুধু পৌর এলাকায় নয়, উপজেলার সর্বত্র পিলার বানিজ্য শুরু করেছে। এদের উৎখাত করতে যে কোন প্রকারের সহযোগিতা দিতে প্রস্তুত আছি বলে উল্লেখ করেন তিনি।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম রাকিবুল আহসান জানান,ভূমি দস্যু চক্রের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এরা আ’লীগের কেউ নয়। এদের প্রতিরোধে সব ধরনের সহযোগিতা করা হবে তিনি উল্লেখ করেন ।
কলাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.হুমায়ুন কবির জানান, আ.রশিদ হাওলাদার এর আগে রাখাইন সম্প্রদায়ের একজনের জমিতে পিলার পুঁতে দখল করা চেষ্টা করে ব্যর্থ হয়।
এ ব্যাপারে উল্লেখিত আওয়ামী নামধারীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায় নি।



















