স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনালকে সাংগঠনিক দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৩ আগষ্ট বুধবার সন্ধ্যায় চকবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ওই সিদ্ধান্ত ঘোষণা করেন। হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে সভায় ৭১ সদস্যের নির্বাহী পরিষদের ৪৭ জন সদস্য উপস্থিত ছিলেন। একই সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান খসরুকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

সভাসূত্র জানায়, শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর বিপরীতে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা ও শৃঙ্খলাভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং বুধবার প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থীতা প্রত্যাহার না করায় অপর যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনালকে সাংগঠনিক দায়-দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া তাকে বর্জনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানাতেও সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিলে বা কাজ করলে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সভায় সাংগঠনিক আলোচনায় শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক নিষ্ক্রিয়তার বিষয়টি উঠে আসে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান খসরুর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় তাকেও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেইসাথে অপর যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মাষ্টারকে ওই দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত হয়। অন্যদিকে শ্রীবরদী-ঝিনাইগাতী নির্বাচনী এলাকার দায়িত্বে থাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনালকে অব্যাহতি দেওয়ায় দলের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ওই এলাকার দায়িত্ব প্রদান করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির পরিচালনায় ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, সাবেক এমপি খন্দকার খুররম, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, সদর উপজেলা নির্বাচনে মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন ছানু, জিয়াউল হক বিএসসি, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, খন্দকার নজরুল ইসলাম, আব্দুল খালেক, ফখরুল মজিদ খোকন, এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, এডভোকেট সুব্রত কুমার দে ভানু, নাজিমুল হক নাজিম, আতিকুর রহমান বাচ্চু, দেবাশীষ ভট্টাচার্য, এডভোকেট রফিকুল ইসলাম আধার, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, বশিরুল ইসলাম শেলু, প্রকাশ দত্ত, রফিকুল ইসলাম চেয়ারম্যান, মাহবুবুর রহমান বিদ্যুৎ, আবুল হোসেন রাসেল প্রমুখ। সমাপনী বক্তব্যে হুইপ আতিক বলেন, এবারের সদর উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। কারণ সারাদেশ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার দিকে তাকিয়ে দলের সকল নেতা-কর্মীকে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিজয়ী হয়ে আমরা বিজয়ের ফসল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চাই।



















