মেহের আমজাদ, মেহেরপুর : “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই শ্লোগানে ত্রৈমাসিক পত্রিকা শিকড়’র উদ্যোগে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হেিসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা, শিকড়’র সম্পাদক মুজাহিদ মুন্না। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

মেহেরপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি, মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হক মালিক, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা শশাংক কুমার মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক ফিরোজ আহমেদ প্রমুখ। এর আগে সেখানে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় প্রধানের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যলয়ের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে মত বিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নবাগত প্রধান শিক্ষিকা মাসুদা খানম জেলা প্রশাসক মাহমুদ হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে মত বিনিময় করেন। মতবিনিময় কালে প্রধান শিক্ষিকা মাসুদ খানম বলেন, এ জেলার মানুষ হিসাবে জেলার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাব। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সহকারি শিক্ষক মোজাম্মেল হক এসময় সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর আমঝুপি’র কুদ্দুস হত্যার দায় স্বীকার : কুদ্দুসের স্ত্রী কারাগারে

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হত্যা মামলার আসামী শফিকুল হত্যার দায় স্বীকার করেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। একই সাথে কুদ্দুসের স্ত্রী বকুলের সাথে তার পরকীয়ার জের ধরে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে শফিকুল পুলিশ রিমান্ডে জানায়। এদিকে শফিকুলের স্বীকারোক্তিতে পুলিশ সোমবার আমঝুপি গ্রাম থেকে কুদ্দুসের স্ত্রী বকুলকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেছে বলে পুলিশ জানায়। অপরদিকে শফিকুলেরর ৪দিনের রিমান্ড শেষ হলেও আবারও আদালতে তার রিমান্ড আবেদন জানানো হতে পারে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দুলু।
উল্লেখ্য, গেল ৩১ জুলাই মেহেরপুর সদর উপজেলার আমঝুপি‘র মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে কুপিয়ে হত্যা করে একটি ডোবায় ফেলে খড়কুটো দিয়ে ডেকে রাখে সন্ত্রাসীরা। ওই দিন রাতে হত্যার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের শফিকুলকে আটক করে পুলিশ। ঘটনার দুই দিন পরে সদর উপজেলার কোলার একটি বাড়ি থেকে শফিকুলের রক্তমাখা সাইকলে উদ্ধার করে পুলিশ। এর পর থেকে শফিকুলের উপর সন্দেহ বেড়ে যায় পুলিশের। গেল শনিবার শফিকুলকে ৪দিনে রিমান্ড নেয় পুলিশ। রিমান্ডে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে এবং হত্যার সাথে আমঝুপি গ্রামের ঈমান আলী ও তার ছেলে মফিজ জড়িত বলে পুলিশকে জানায়। পরে পুলিশ তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।



















