চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দর্শনা-জীবননগর মহাসড়কের মনোহরপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহি বাস-করিমন (ভটভটি) মুখোমুখি সংঘর্ষে করিমন চালক হানিফ (৩০) নিহত হয়েছে। ১৩ আগষ্ট বুধবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হানিফ জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা গামী একটি যাত্রীবাহি বাস মনোহরপুর বাসস্ট্যান্ডে পৌছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে করিমন চালক হানিফ গুরুতর আহত হয়। তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুর ২ টায় সে মারা যায়।
জীবননগর থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গায় আদালত থেকে পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার কোর্ট হাজতের বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে পলাতক আসামি শাহীনকে (৩৫) কুষ্টিয়া পোড়াদহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহীন সদর উপজেলার ডিঙ্গেদাহ গ্রামের আকতার হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে পোড়াদহ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে এটিএসআই ইসাহাক আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ শহর থেকে শাহীনকে গ্রেফতার করে।
সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১ জুলাই সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে চুরি মামলায় শাহীনকে আদালতে হাজির করা হয়। এরপর বিকেলে কোর্ট হাজতের বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায়। পরেরদিন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নির্দেশে এটিএসআই ইসাহাক ও এটিএসআই আলিসহ ৪ জন পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করা হয়।
চুয়াডাঙ্গায় ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে ছাত্রলীগকর্মী বাদশাকে (২৮) একই দলের কর্মীরা কুপিয়ে মারাত্মক জখম করেছে।
তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে ঘটনাটি ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, চুয়াডাঙ্গা কলোনীপাড়ার আওয়ামী লীগ নেতা গণি মিয়ার বিশ্ববিদ্যালয় পড়য়া ছেলে বাদশা মোটরসাইকেলযোগে সরকারি কলেজের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় একই বয়সের ছেলেরা তাকে ধরে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তবে নারী ঘটিত কোনো কারণ নিয়ে এ ধরনের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ২
চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার পৃথক স্থান থেকে ৩৮ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাজা ও ১০০ বোতল ভারতীয় নিম্নমানের মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
পুলিশ ও বিজিবি জানায়, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ (ডিবি) এএসআই জগদীশ চন্দ্র ফোর্সসহ কুতুবপুর সীমান্ত এলাকা থেকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হাজিপুর মন্দিরা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে টিপু সুলতান (১৯) কে ৩৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। রাত ১২ টার দিকে সদর থানা পুলিশ চুয়াডাঙ্গা শহর থেকে সদর উপজেলার হক পাড়ার আশরাফ আলীর ছেলে ইয়ারুল ইসলাম (৪০)কে ১০০ গ্রাম গাজাসহ আটক করে। একই সময়ে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার তোতা মিয়া ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে কুতুবপুর সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নিম্ন মানের মদ আটক করে।
দামুড়হুদায় যুবকের আত্মহত্যা
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগরে কীটনাশক পান করে মাজেদুল ইসলাম (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মাজেদুল দর্শনা জয়নগর গ্রামের মোতালেবের ছেলে।
মঙ্গলবার রাত ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ২ আগস্ট রাত ১২ টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে সবার অজান্তে কীটনাশক পান করে মাজেদুল। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন তিনি চুয়াডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই সে মারা যায়।
চুয়াডাঙ্গায় অপহরণ মামলার আসামীসহ গ্রেফতার ৪
চুয়াডাঙ্গার সদর ও দামুড়হুদা উপজেলার আলাদা স্থান থেকে অপহরণ মামলার আসামিসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নির্দেশে একদল পুলিশ দু’উপজেলায় অভিযান চালায়। এ সময় সদর উপজেলার মাঝেরপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে সুমন (৩০), দামুড়হুদার কাদিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে লতিফ (২৯), ছয়ঘরিয়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে অপহরণ মামলার আসামি আলাত আলী (২৫) ও নওশাদ আলীর ছেলে টুটুল (২৪) কে গ্রেফতার করে।
সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, আটককৃত আলাত আলী ও টুটুলের বিরুদ্ধে অপহরণ ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।



















