অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) :
বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের প্রতিদিনই গাড়ী দেবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সড়কে যাতায়াতকারী যাত্রীদের চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে। সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলাচলে চরম বিঘœ ঘটছে। সড়কে খানাখন্দ ও সড়ক ধসের কারণে যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। চলাচলে জনসাধারণের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জানা গেছে আগৈলঝাড়া-পয়সারহাট সড়ক খানাখন্দ ও ধসের কারণে গত সোমবার সকালে সড়কে কালুরপাড় বাজার নামক স্থানে সড়কে ঢাকাগামী কোচ গোল্ডেন লাইন পরিবহন একটি ট্রাককে সাইড দিতে গিয়ে গর্তে পরে দেবে যায়। এসময় অল্পের জন্য যাত্রীবাহী কোচটি বড় ধরণের দূর্ঘটনা থেকে রক্ষা পায়। এঘটনার পর কয়েক ঘন্টার জন্য সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপূর্বে রোববার সকালে একইস্থানে গাড়ী দেবে যানবাহন চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়েছিল। বরিশাল সওজ থেকে সড়কটি মাঝে মধ্যে সংস্কার করা হলেও নিম্নমানের কাজ হওয়ার কারণে এ ধরণের ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানায়। এই সরু ও খানাখন্দক সড়ক দিয়ে প্রতিদিন প্রচন্ড ঝুঁকি নিয়ে ঢাকা-বরিশালের দূরপাল্লার শতাধিক যানবাহন চলাচল করছে। সড়কটি কিছুদিন পূর্বে মেরামত করা হলেও কাজ নিম্নমানের হওয়ায় তা আগের মতই গর্ত, খানাখন্দ ও দু’পাশ ভেঙ্গে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পরেছে। বাইপাস সড়কের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই পুরাতন সড়ক দিয়ে বেনাপোল, যশোর, গোপালগঞ্জের গাড়ির যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ফুল্লশ্রী পুরাতন ডাকবাংলার মোড় থেকে কান্দিপাড় পর্যন্ত ৩ কিলোমিটার সরু সড়ক দিয়েই প্রতিদিন শতশত বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, অগণিত ছোট ছোট যাত্রীবাহী যানবাহন চলাচল করছে। বাইবাস সড়কের কাজ শেষ হলেও আগৈলঝাড়া খালের উপর নির্মিত সেতুর এপ্রোচ সড়কের কাজ দ্রুত শেষ করে গাড়ি চলাচলের জন্য খুলে দেয়ার দাবি জানান গাড়ীর শ্রমিকসহ এলাকাবাসী।

আগৈলঝাড়ায় ডাক্তারদের ডিউটি দেয়া নিয়ে প্রশাসনিক কর্মকর্তার সাথে বাকবিতন্ডতা
বরিশালের আগৈলঝাড়ায় ৫০শয্যার হাসপাতালে অন্য ডাক্তারদের বাদ দিয়ে জরুরী বিভাগে ডেন্টাল সার্জন ডা. আরজু আক্তারকে ডিউটি দেয়া নিয়ে প্রশাসনিক কর্মকর্তার সাথে বাকবিতন্ডতা হয়। এনিয়ে হাসপাতালে হট্টগোলের সৃষ্টি হয়। চাপের কারণে পরবর্তীতে ডিউটি থেকে তার নাম বাদ দিয়েছে প্রশাসনিক কর্মকর্তা।
হাসপাতাল ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলা হাসপাতালে অন্য ডাক্তার থাকলেও জরুরী বিভাগে ডিউটি করার জন্য স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সেলিম মিয়া তার ইচ্ছেমত ডেন্টাল সার্জন ডা. আরজু আক্তারের নাম দেয়। একথা ডা. আরজু জানতে পেরে প্রশাসনিক কর্মকর্তা ডা. সেলিম মিয়াকে বলেন, আমি দাঁতের ডাক্তার। তাই জরুরী বিভাগে ডিউটি করতে পারবো না। এ ঘটনা নিয়ে ডা. সেলিম মিয়ার সাথে ডা.আরজু আক্তারের সাথে বাকবিতন্ডতা হয়। এরপর ডা. আরজু আক্তারের এক আত্মীয় এসে প্রশাসনিক কর্মকর্তাকে গালমন্দ করলে তার নাম কেটে অন্য ডাক্তারের নাম লিখে ডিউটির তালিকা তৈরী করে। এব্যাপারে প্রশাসনিক কর্মকর্তা ডা. সেলিম মিয়া বলেন, জরুরী বিভাগে ডিউটি নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তা সমাধান হয়ে গেছে।



















