মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর খলাপাড়া এলাকা থেকে ১৬ জুলাই বুধবার সন্ধ্যায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৮)। সে দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী তাজুল ইসলাম গত ৮ মাস আগে দেশে ফিরে। গত রবিবার সকালে তাজুল বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। বুধবার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর খলাপাড়া ন্যাশনাল জুট মিলের পাশে একটি লাশ ভেঁসে থাকতে দেখেন এলাকাবাসী। স্থানীয়রা পুলিশে খবর দিলে কালীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবার এসে লাশটি সনাক্ত করেন। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারনা করছেন, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালীগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার বিকালে পৌরসভার বালীগাঁও গ্রামে উপজেলা জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর মো. মোখলেছুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক বিষয়ক সম্পাদক মো. খাইরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আফতাব উদ্দিনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আবু জাকির মো. কফিল উদ্দিন, পৌর জামাতের আমীর মো. মোবারক হোসেন, সেক্রেটারী মো. হুমায়ুন কবির প্রমুখ।



















