নরসিংদী প্রতিনিধি : ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী বলেছেন, ত্যাগের মাধ্যমে তাকওয়া অর্জনের জন্য প্রতি বছর মহান আল্লাহ মানব জাতিকে রমজান মাস উপহার দেন। এই রমজান মাসের মধ্যে নিহিত রয়েছে অফুরন্ত নিয়ামত। যা শুধু পরহেজগারীর মাধ্যমেই অর্জন করা সম্ভব। পবিত্র রমজানের ত্যাগরে মহিমায় মানুষের আত্ম উপলব্ধি প্রসারিত করে। মানুষ হয়ে উঠে মুত্তাকী। আর পৃথিবীতে শান্তি শৃংখলা প্রতিষ্ঠার জন্য মুত্তাকী মানুষেরই একান্ত প্রয়োজন।

তিনি মঙ্গলবার নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ঐক্যজোট নরসিংদী জেলা শাখা আয়োজিত ‘রমজানের তাৎপর্য শীর্ষক’ আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। আরো বক্তব্য রাখেন মাওলানা আলহাজ্ব সুলতান উদ্দিন নুরী, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হারিছুল হক, সদর উপজেলা সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম, মাওলানা ফাইজুল্লাহ আজিজ, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আবু সালেহ সরকার, মাওলানা মুফতি আলআমিন, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।



















