আইন প্রয়োগকারী সংস্থা’র নির্লিপ্ততার কারণে তা ক্রমেই ব্যাপক আকার ধারণ করছে
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্যে সয়লাব হয়ে পড়েছে কুমিল্লার বাজারে। এসব খাদ্য খেয়ে নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে একদিকে যেমন শিশু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে, তেমনি এক শ্রেণির অসাধু ব্যবসায়িরা ফায়দা লুটছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- এসব পণ্য নগরীর রাজগঞ্জ, ছকবাজার হতে পাইকারি কিনে নগরীর দোকান গুলো ছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাট-বাজারে চলে যাচ্ছে। অল্প পুঁজিতে বেশি লাভের আশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ি এসব পণ্য শিশুদের হাতে তুলে দিচ্ছে।
এসব পণ্যের অধিকাংশই প্যাকেটজাত হলেও এর গায়ে মেয়াদের তারিখ কিংবা বিএসটিআই’র কোন সিল নেই। আবার অনেক প্যাকেটের গায়ে বিএসটিআই এর সিল থাকলেও নেই উৎপাদনের তারিখ কিংবা মেয়াদ উর্ত্তীণৈর তারিখ। শুধু তাই নয়, বেশিরভাগ ঠিকানাও ভুয়া। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষেও নির্লিপ্ততার কারণে তা ক্রমেই ব্যাপক আকার ধারণ করছে। সব বাবা-মা তার শিশুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকলেও বিকল্প উপায় না পেয়ে এসব নিম্নমানের খাদ্য শিশুদের দিতে বাধ্য হচ্ছে। বিশেষ করে শিশুদের ভোগ্যপণ্যের বেশিরভাগই খাবারের অনুপোযোগী হয়ে পড়েছে। বিশেষ করে কিন্ডার গার্ডেন স্কুল, সরকারি কিংবা আধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভেরাইটিজ স্টোরে, ছোট ছোট পান ও চা দোকান কিংবা নগরীর অলি-গলি’র ভেরাইটিজ স্টোর গুলোতে এসব পণ্য বিক্রি করা হয়। আর এ সব মানহীন খাবার কোমলমতি শিক্ষার্থীরা ও শিশু স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফলে দেখা দিচ্ছে পুষ্টিহীনতা সহ নানা জটিল রোগ।
বাজারে বিভিন্ন কোম্পানির ফলের জুস, ড্রিংক, চকলেট, ক্যান্ডি, চুইংগাম, লেমনজুস, কনফেকশনারি, ডেইরিসহ বিভিন্ন ভোগ্যপণ্য রয়েছে- যা শিশুদের খুবই পছন্দ।
অথচ বেশির ভাগ খাদ্যপণ্য মানসম্মত না হওয়ায় শিশু স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ কারণে অভিভাবকরাও দুশ্চিন্তায় রয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা সদর হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন আলহাজ্ব ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন- বিভিন্ন ব্র্যান্ডের জুস, ড্রিংকের নামে শিশুরা আসলে যা খাচ্ছে তা মোটেই স্বাস্থ্য সম্মত নয়। যে কারণে অল্প বয়সেই অনেকে ঘুটিয়ে যাচ্ছে, কারো শরীরে প্রয়োজনীয় শক্তি নেই। ফলে দেখা দিচ্ছে পুষ্টিহীনতা সহ নানা জটিল রোগ।
চান্দিনার সুবাস চন্দ্র মজুমদার বলেন- আমাদের আইন আছে কিন্তু যথাযথ প্রয়োগ না হওয়ায় অসাধু ব্যবসায়ি ভেজাল পণ্য উৎপাদন করেও পার পেয়ে যাচ্ছে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী বলেন- সরকার সম্প্রতি ভেজাল খাদ্য উৎপাদনকারী বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনলেও শিশুদের অপুষ্টিকর খাবার গ্রহণে কোন বিধি-নিষেধ আরোপ করেনি। শিশু খাদের্য মান নিশ্চিত করতে হলে অবশ্যই টাস্কফোর্স গঠন করতে হবে। পাশাপাশি সচেতনতা তৈরী করতে হবে। ভেজাল খাদ্যের বিরুদ্ধে আইন থাকলেও এর সঠিক প্রয়োগ না থাকায় মানহীন পণ্যের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়- এ পর্যন্ত ১’শ ৫৫টি পণ্যের মানের সনদ দিয়েছে সরকার। এর মধ্যে খাদ্য পণ্য ৫৮টি। এর বাইরে শত শত খাদ্য পণ্য বাজারে বিক্রি হচ্ছে তাতে মানের কোন সনদ নেই। বেশিরভাগ এসব পণ্য নোংরা পরিবেশে তৈরি হয় ও বিভিন্ন ধরনের ক্যামিকেল মিশানো।
এ ব্যাপারে কুমিল্লা শাসনগাছা কৃষি বিপনণ অধিদপ্তরের জেলা মার্কেটিং অফিসার মোহাম্মদ জাকারিয়া জানান- কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশ ক্রমেই প্রথম রোজা থেকেই আমাদের মোবাইলটীম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত অনেকই জরিমানা করেছি। তবে বিশেষ করে কুমিল্লায় নোংরা পরিবেশে ভেজাল সেমাই কারাখানার সন্ধান ফেলে অবহিত করার জন্য এ প্রতিনিধিকে অনুরোধ জানান তিনি।



















