বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় প্রিয় দল আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে চট্টগ্রামের লোহাগাড়ায় এবং নেত্রকোনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, চট্টগ্রামের লোহাগাড়ায় নিহত যুবকের নাম মো. রুবেল (১৮)। সে উপজেলার বড়হাতিয়া হরিদাঘোনা এলাকার বাদশা মিয়ার ছেলে। রুবেল চট্টগ্রাম শহরের রেয়াজউদ্দিন বাজারে এক দোকানে চাকরি করতেন। রবিবার রাতে তিনি আর্জেন্টিনা ও জার্মানির মধ্যকার ফাইনাল খেলাটি সবার সঙ্গে বসে দেখেন। খেলার শেষপর্যায়ে প্রিয় দল আর্জেন্টিনা গোল খেলে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফাইনাল খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ার শোকে হার্ট এ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অন্ধ আর্জেন্টিনার সমর্থক সুমন সরকার (২৬)। নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের মারাদীঘি গ্রামে ওই ঘটনা ঘটে। সে মৃত চন্দন সরকারের একমাত্র ছেলে। সুমন রবিবার রাত জেগে দলবল নিয়ে বাড়ির আঙ্গিনায় আর্জেন্টিনার খেলা উপভোগ করছিলেন। খেলায় আর্জেন্টিনা জার্মানির কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সুমন সরকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোমবার পারিবারিক শ্বশ্মানে সুমনের অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজার হাজার আর্জেন্টাইন ভক্ত অংশ গ্রহণ করেন।



















