রেজাউল করিম বকুল, শেরপুর : ঘন ঘন বৃষ্টি আর সাময়িক মন্দার কারণে জমে উঠেনি শেরপুরের ঈদ বাজার। প্রতিনিয়ত সকাল থেকে দোকান খোলা রাখলেও মিলছে না কাঙ্খিত ক্রেতার দেখা। কাপড়ের দোকান, গার্মেন্টস, জুতার দোকান থেকে শুরু করে সকল বিপনী বিতানগুলোতে মিলছে না ক্রেতাদের দেখা। এ প্রভাব শুধু শহরেই নয় উপজেলা বাজার গুলোতেও। ঈদকে সামনে রেখে মালপত্র তোলেছেন ব্যবসায়ীরা। অর্ধেক রোজা পেরিয়ে গেলেও তাদের হিসাব মিলছে না। যার ফলে ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েছেন।

শেরপুর শহরে নিউমার্কেটের কতিপয় ব্যবসায়ী জানালেন, তাদের দোকানে ঈদ উপলক্ষে ঢাকার আজিজ মার্কেট তথা শাহবাগের প্রচুর পাঞ্জাবী, ফতোয়া, টি-শার্ট তুলেছেন। কিন্তু বিক্রি হচ্ছে একেবারেই কম। একই কথা শোনালেন শেরপুরের নতুন গড়ে উঠা টাউন হল মার্কেটের অর্ণব ফ্যাশনের মালিক বকুল মিয়া। তিনি বলেন, প্রতি বছরেই রোজার দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয় ঈদ বাজার। কিন্তু এবার এখনো ক্রেতাদের ভীড় নেই। জুতার দোকানগুলোতে প্রদর্শিত হচ্ছে বাহারী জুতা। অথচ ক্রেতাদের সংখ্যা একেবারেই কম। এমনটাই জানালেন রঘুনাথ বাজারস্থ বিভিন্ন দোকান মালিকরা। তাদের মতে রোজার শুরু থেকে টানা বৃষ্টি, লোকজনের হাতে টাকা পয়সা তেমন না থাকায় ঈদ মার্কেট জমছে না বলে মনে করছেন তারা। এই পরিস্থিতি শুধু শহরেই নয় উপজেলা ও গ্রাম পর্যায়ে বাজার গুলোতে আরো বেশি। তবে আশায় আছেন সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে। পূরণ হবে তাদের কাঙ্খিত লক্ষ্য।



















