ইয়ানুর রহমান, যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র ও ছাত্রলীগ কর্মী নাইমুল ইসলাম রিয়াদ (২৫) খুন হয়েছেন। দলীয় প্রতিপক্ষের হাতে তিনি খুন হন। যবিপ্রবিতে এটাই প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। আর এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তপক্ষ।

সোমবার দুপুরে ছাত্রলীগের বহিরাগত সন্ত্রাসীরা তার ঘাড় ও বুকে ছুরিকাঘাত করে খুন করে। ঠেকাতে গিয়ে তার সহপাঠী জেলাল হোসেন জুয়েল আহত হয়েছেন। নিহত ও আহত দু’ছাত্রই পরিবেশ বিজ্ঞান অনুষদের ৪র্থ বর্ষের ছাত্র। নিহত রিয়াদ ঢাকার সেগুন বাগিচা রোডের ব্যবসায়ী কাজী মনিরুল ইসলামের ছেলে। এদিকে হত্যার প্রতিবাদে ছাত্রলীগ যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে মিছিল বের করে।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে পরিবেশ বিজ্ঞান অনুষদের প্রথম বর্ষের ছাত্র তানভীর তারই বিভাগের শেষবর্ষের ছাত্র বাদলকে মারধর করেন। সোমবার দুপুরে তানভীরের কাছে বিষয়টি জানতে চান রিয়াদ। কথা বলার এক পর্যায়ে দুজনই উত্তেজিত হয়ে পড়েন। এরপর তানভীর তার মামা এবং ছাত্রলীগের যবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক শামিম হাসানকে মোবাইল ফোনে বিষয়টি জানান। কিছু সময় পরই শহরের দিক থেকে তিনটি মোটরসাইকেলে ছয় যুবক ক্যাম্পাসের মূল ফটকের সামনে রিয়াদকে এলোপাতাড়ি মারধর এবং ছুরিকাঘাত করে। ঠেকাতে এলে সন্ত্রাসীরা পিস্তলের বাট দিয়ে তার সহপাঠী জুয়েলের মাথায় আঘাত করে।
যবিপ্রবির ভিসি প্রফেসর আব্দুস সাত্তার বলেন, তিনি শুনেছেন ছাত্রলীগকর্মীদের হাতে দু’ছাত্র জখম হয়েছে। তবে অফিসিয়ালি এ প্রতিষ্ঠানে কোন ছাত্রসংগঠন সক্রিয় নেই। ছাত্র যদি মারা যায়, তবে শিক্ষকদের সাথে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে তিনি জানান।
যশোর কোতোয়ালি থানার ওসি সহিদুল ইসলাম বলেন, রিয়াদকে হাসপাতালে আনার পথে মৃত্যু হয়েছে।



















