হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রচন্ড তাপদাহ ও বিশুদ্ধ খাবার পানির সংকটে শতাধিক শিশু-বৃদ্ধ ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। জানাযায়, রমজানে গত কয়েক দিনের অসহ্য গরম ও বিশুদ্ধ খাবার পানির সংকটে উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া ও জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। গত ২ দিনে শতাধিক শিশু-বৃদ্ধ ডায়রিয়ায় ও জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকেই স্থানীয় হাসপাতাল ও ছোট বড় ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হেলাল উদ্দিন জানান, প্রচন্ড গরমে কিছু এলাকার শিশু-বৃদ্ধরা ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হলেও মহামারি আকারে নয়। তবে তা নিয়ন্ত্রনে রয়েছে। ডায়রিয়া এড়াতে সবাইকে ইফতার ও সেহেরীতে বিশুদ্ধ খাবার পানি ও অন্যান্য খাবারে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।



















