খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : চারযুগেও উন্নয়নের ছোয়া লাগেনি সীমান্তবর্তী উপজেলার ঝিনাইগাতী বাজারে। ফলে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, ১৯৫২ সালে প্রায় ২০ একর জমির উপর এ বাজারটি প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর ময়মনসিংহ জেলার মধ্যে এ বাজারটি সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বাজার। বহু দূরদূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা আসে এ বাজারে। ইজারা প্রদানের মাধ্যমে এ বাজার থেকে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব আসে সরকারের ঘরে। অথচ এ বাজারে কোন উন্নয়ন হয় না। দেশ স্বাধীনের পর গত প্রায় চারযুগেও এ বাজারে যতটুকু উন্নয়ন হয়েছে তা শুধু কাগজে-কলমে। বাস্তবে হয়নি কিছুই। বাজারবাসীদের অভিযোগ বাজার উন্নয়নের নামে প্রতি বছর ভূয়া প্রকল্প দেখিয়ে বিপুল পরিমাণের অর্থ লুটপাট করা হয়। এ বাজারে সমস্যার অন্ত নেই। এ বাজারে কোন নলকূপ নেই। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার অভাবে পয়ঃনিষ্কাশন হচ্ছে না। সামান্য বৃষ্টি হলে হাটু পানি মাড়িয়ে ক্রেতা-বিক্রেতাদের বাজারে প্রবেশ করতে হয়। গনসৌচাগারের অভাবে ক্রেতা-বিক্রেতারা যত্রতত্র মল-মূত্র ত্যাগ করে পরিবেশ দূষিত করছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধে বাজারে প্রবেশ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। প্রয়োজনীয় সংখ্যক সেড নেই। যতটুকু রয়েছে তাও আবার দিনে দিনে বেদখল হয়ে যাচ্ছে। রাস্তার উপর ক্রেতা-বিক্রেতাদের কেনাকাটা করতে হচ্ছে। এছাড়া এ বাজারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অবৈধ দখলদারীত্ব। স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা জাল-জালিয়াতির মাধ্যমে বাজারের পুরো জায়গা দখল করে নিয়েছে। ফলে এ বাজার থেকে সরকার রাজস্ব বঞ্চিত হবার পাশাপাশি ঐতিহ্য হারাতে বসেছে বাজারটি।



















