নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নে বিধবা ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে অসহায় এক বিধবার নিকট থেকে অবৈধ ভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক চৌকিদারের বিরুদ্ধে।
গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এ বিষয়ে ভুক্তভোগী তাঁতইর গ্রামের টগরী বেওয়া নামের বিধবা মহিলা বিচার চেয়ে চৌকিদারের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। অভিযোগে জানা গেছে, অসহায় ওই মহিলার স্বামী কিছুদিন পুর্বে তালগাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মারা যায়। এ ঘটনার পর থেকে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ওই মহিলা অতি কষ্টে জিবীকা নির্বাহ করে আসছেন। চলতি বছরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তার নামে বিধবা ভাতার কার্ড বরাদ্দ দেওয়ার জন্য ৪নং ওয়ার্ডের চৌকিদার মোঃ মানিকুলের নিকট যায়। অসহায় ওই মহিলার অসহায়ত্বের সুযোগ নিয়ে চৌকিদার তার নিকট ১ হাজার টাকা ঘুঁষ দাবী করে। এক পর্যায় নিজের নামে কার্ড পাওয়ার আশায় বিধবা টগরী বেওয়া অতি কষ্টে জমানো ৬ শত টাকা ওই চৌকিদারের হাতে দেয়। পরে বিধবা ওই মহিলার নামে কোন কার্ড না হলে ওই মহিলা তার দেওয়া টাকা ফেরত চায়। টাকা ফেরত না দিয়ে ওই চৌকিদার বিভিন্ন তাল বাহানা করতে থাকে। এ বিষয়ে শিরন্টি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল বাঁকীর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই টাকা উপজেলা সমাজ সেবা অফিসের অফিস সহকারী শরিফুল কে দেওয়ার জন্য চৌকিদার নিয়েছিল। এ বিষয়ে উপজেলা সমাজ সেবা অফিসার রেজওয়ানুল হক কিছুই জানেন না বলে জানান। অফিস সহকারী শরিফুল ইসলাম অভিযোগটি অস্বীকার করে বলেন যে তিনি ১৮জুন অন্যত্র বদলী হয়ে গেছেন।



















