ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ছাত্রলীগের কর্মকান্ডে চরম স্থবিরতা দেখা দিয়েছে। উপজেলা ছাত্রলীগের কমিটি না থাকায় এ স্থবিরতা’র মূল কারন বলে অনুসন্ধানে জানা গেছে। দীর্ঘ ৯বছর ধরে এখানে ছাত্রলীগের কাউন্সিল হয় না। ২০০৫ সালে উপজেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই মেয়াদোত্তীর্ন কমিটি দিয়ে ৯ বছর ধরে উপজেলা ছাত্রলীগের কর্মকান্ড পরিচালনা করা হয়। কাউন্সিল না হওয়ায় দ্বিধাবিভক্ত হয়ে পড়ে উপজেলা ছাত্রলীগ।

দলীয় সূত্র জানায়, ০২-১১-২০১৩ সালে জেলা কমিটি মেয়াদোত্তীর্ন ঝিনাইগাতী উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষনা করে। পরবর্তী ১ বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেয়। কিন্তু অজ্ঞাত কারনে মাত্র ২১দিন পর ২৩-১১-২০১৩ তারিখে জেলা কমিটি ওই কমিটি’র কর্মকান্ড বিলুপ্তি ঘোষনা করে। এরপর থেকে ঝিনাইগাতী উপজেলার ছাত্রলীগের কর্মকান্ডে দেখা দেয় চরম স্থবিরতা। বর্তমানে ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। ২০১৩ সালের জেলা কমিটির অনুমোদিত উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল আরেফিন বলেন, উপযুক্ত কোন কারন ছাড়া ২১দিনের মাথায় কমিটি বিলুপ্তি ঘোষনা করা এখতিয়ার জেলা কমিটির নেই।



















