ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: ঈদকে সামনে রেখে জমে উঠেছে বাজার। বিভিন্ন শ্রেণি ও পেশার ক্রেতারা ভীড় জমাচ্ছেন প্রসাধনীর দোকানগুলোতে। কিনছেন বিভিন্ন সৌন্দর্যবধীনকারী পণ্য সামগ্রী। দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের এসব পণ্য বিক্রিও হচ্ছে চড়া দামে। কিন্তু চকচকে মোড়কের আড়ালে কি কিনছেন এ নিয়ে ভ্রুক্ষেপ নেই ক্রেতা-ভোক্তাদের। ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে রাজশাহীর ভেজাল ও নিম্নমানের প্রসাধানীর বাজার। এরই মধ্যে নগরীর অভিযান মাকের্ট গুলোতে বিক্রি হচ্ছে এসব মানহীন পণ্য। এতে প্রতারিত হচ্ছে ভোক্তা। এ নিয়ে কোন তৎপরতা নেই মাননিয়ন্ত্রনকারী সংস্থা বিএসটিআই ও স্থানীয় প্রশাসনের। তবে শিগগিরই এ নিয়ে অভিযানে নামবে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো।

জানা গেছে, এক শ্রেণির মুনাফালোভী ব্যবসায়ি কৌশলে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন ভেজাল ও নিম্ম মানের প্রসাধনী সামগ্রী। এতে প্রায় প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। নগরীর বিভিন্ন মার্কেটে বিক্রি হচ্ছে এসব পণ্য। আর বেশীরভাগই যোগান আসছে নগরীর ও আর আশেপাশের এলাকায় গড়ে ওঠা ভেজাল প্রসাধনী কারখানাগুলো থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী নগরীতেই রয়েছে অন্তত: দশটির মত ভেজাল প্রসাধনী কারখানা। নগরীর শিরোইল, শিরোইল কলোনী প্রভৃতি এলাকায় রয়েছে বেশী। এছাড় জেলার পুঠিয়ায় গড়ে উঠেছে প্রসাধনী তৈরির আরো প্রায় ১৮টি অবৈধ কারখানা। আর রাজশাহী জুড়ে সাব-কারখানা রয়েছে আরো অন্তত: অর্ধশতাধিক। এতে স্থানীয় বিপণি বিতানগুলোতে ছেয়ে গেছে ভেজাল প্রসাধনীতে।
দোকানীরা রূপচর্চা ও গায়ের রং ফর্সাকারী দেশী-বিদেশী মোড়কে বিভিন্ন প্রকার ক্রিম, লোশন, বিউটি সোপ, ফ্রেশ ওয়াশ, শ্যাম্পুসহ হরেক রকম প্রসাধনী প্রকাশ্যে বিক্রয় করছে। আর এসব প্রসাধনী ব্যবহার করে অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। যেন দেখার কেউ নেই।
অনুসন্ধানে দেখা গেছে, শতভাগ গায়ের রং ফর্সা করার প্রলোভন দিয়ে বিভিন্ন এলাকায় রীতিমতো পোস্টার ও দেয়াল লিখন এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা করছে অবৈধ কারখানার মালিকরা। আবার বিফল হলে ৪ গুণ টাকা ফেরত দেয়ার প্রতিশ্র“তি দিচ্ছে তারা।
পুঠিয়ার বেলপুকুর, বানেশ্বর, শিবপুরহাট, বিড়ালদ বাজার, পুঠিয়া সদর, ঝলমলিয়া বাজার, ধোপাপাড়া, শিলমড়িয়াসহ গ্রামাঞ্চলের বাড়ী অথবা ঘর ভাড়া করে অবৈধভাবে গড়ে উঠেছে এসব প্রসাধনী কারখানা। এদের মধ্যে বানেশ্বর বাজার এলাকায় মর্ডাণ কসমেটিক্স অ্যান্ড হারবাল ইন্ডাষ্ট্রি, জাহাঙ্গীর আলমের রুপসী গোল্ড ক্রিম, সানোয়ার হোসেন সাপুর মেডোনা স্পট ক্রিম ও হারবাল প্রসাধনী, রহিদুল ইসলামের চ্যালেঞ্জার হারবাল ও প্রসাধনী, শিবপুর বাজার এলাকার রেজাউল করিমের ডিজিটাল হারবাল, লোকমান আলীর ইয়াং লেডি, আফজাল হোসেনের সীনা স্পট ক্রিম, কাজেম আলীর সুন্দরী হারবাল ক্রিম ও প্রসাধনী, বিড়ালদহ বিহারী পাড়া এলাকার হায়দার আলীর হোয়াইট গোল্ড, জিল্লুর রহমানের গোল্ডেন ক্রিম, সাইফুল ইসলামের রোমাঞ্চ হারবাল ও স্পট ক্রিম, নয়াপাড়া এলাকার আসাদ আলীর ত্বক ডায়মন্ড স্পট ক্রিম, রানার ঝিলিক সলিসুন, পুঠিয়া সদর এলাকার কাজলের জেলিং স্পট ও হারবাল ক্রিম, মাসুদ রানার লাউস স্পেশাল হারবাল কেয়ার ও স্পট ক্রিম, আব্দুল হাই এর লাকি সেভেন উল্লেখ যোগ্য।
এর মধ্যে মর্ডাণ কসমেটিক্স অ্যান্ড হারবাল ইন্ডাষ্ট্রিসহ বেশ কয়েকটি কারখানা রাজশাহী নগরীর আরডিএ মার্কেটসহ বিভিন্ন স্থানে দর্শনীয় বিজ্ঞাপন শোভা পাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এসব কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, এসব কারখানা ও সাব-স্পট ক্রিম ও প্রসাধনী কারখানাগুলোতে বাজারের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী পণ্যের পরিত্যক্ত মোড়ক সংগ্রহ করে। পরে সেগুলোতে স্টিলম্যান, টিয়ারিক অ্যাসিড, আইসোপ্রোপাইল, মাইরিস্টেড এবং সাধারণ পানির মিশ্রনে তৈরি রং ফর্সাকারী বিভিন্ন প্রকার প্রসাধনী তৈরী করে। পরে সেগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরের নামি দামি দোকান এবং বিউটি পার্লারে পৌঁছে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্পট ক্রিম কারখানার মালিক জানান, তাদের এই ব্যবসা পরিচালনা করতে প্রতি মাসে থানা-পুলিশ ও বিএসটিআই এর কিছু কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিয়ে কার্যক্রম চালাতে হয়। মাস শেষে তাদের লোকজন কারখানাগুলো থেকে লাখ লাখ টাকা উত্তোলন করে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান ডা. মোয়াজ্জেম হোসেন জানান, ভেজাল প্রসাধনী ব্যবহার করলে ত্বকের ক্ষতি ও জটিল রোগ দেখা দিতে পারে। এজন্য ভেজাল প্রসাধনী পরিহারের আহবান জানান তিনি।
এদিকে, গত ২৪ মে রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রট আশরাফ আহম্মেদ রাসেলের নের্তৃতে জেলা প্রশাসন ও বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমান আদালত পুঠিয়ার খুটিপাড়া এলাকায় অনুমোদনহীন বর্ণালী স্পট ক্রীম কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ক্রীম জব্দ এবং কারখানার মালিক ইতি বেগমকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
পরে একই এলাকায় সাব-স্পট ক্রীম উৎপাদনকারী ফেরদৌসী বেগমের কারখানায় প্রায় দু’লাখ টাকা মূল্যেমানের ভেজাল ও অবৈধ ক্রীম জব্দ করে আদালত। ভেজাল ও অবৈধ ক্রীম তৈরির দায়ে কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া বানেশ্বর বাজারের মর্ডণ কসমেটিক্স অ্যান্ড হারবাল ইন্ডাষ্ট্রিজে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিভিন্ন প্রকার অবৈধ ক্রীম জব্দ করে। ভ্রাম্যমান আদালত অবৈধ ক্রীম তৈরির দায়ে ৩৫ হাজার ও বিএসটিআই-এর সীল ব্যবহার করার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করে।এরপর আর বড় ধরণের অভিযানে নামেনি প্রশাসন।
তবে জনবল সংকটসহ নানান প্রতিবন্ধকতায় অভিযান জোরদার করা যাচ্ছেনা বলে জানিয়েছেন বিএসটিআইর রাজশাহী অঞ্চলিক অফিস প্রধান রেজাউল করিম সরকার। তিনি বলেন, বিএসটিআই নির্ধারিত ১৫৪টি পণ্যের গুণগতমান নিশ্চিত করতে কাজ করছে। এর বাইরে যে সব পণ্য রয়েছে সেগুলোর ভেজাল রোধে কাজ করার কথা সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। তা সত্ত্বেও বিএসটিআই কিছু কিছু অভিযান চালাচ্ছে। এসময় ভেজাল কারখানা মালিকদের কাছ থেকে সুবিধা আদায়ের অভিযোগ অস্বীকার করে শিগগিরই ভেজাল ঠেকাতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।



















