কুষ্টিয়া : বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলন ঠেকানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি ১১ জুলাই শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই কথা জানান। এসময় তিনি বলেন, আন্দোলন ঠেকানোর কোন পরিকল্পনা সরকারের নেই। তারা হাজার বার মিছিল করতে থাকুক, দাবি উপস্থাপন করতে থাকুক, এক্ষেত্রে আমাদের কোন বাধা নেই। তবে আন্দোলনের নামে বোমাবাজিসহ কোন নাশকতামূলক কর্মকাণ্ড মেনে নেয়া হবে না।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ইনু বলেন, আপনি যদি গণতন্ত্র চান তাহলে গণতন্ত্রের প্রধান শত্রু জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতাকে বর্জন করার একটি জাতীয় চুক্তিতে স্বাক্ষর করবেন এবং আপনার পাশ থেকে জামায়াত ও হেফাজত দূর করবেন।
তিনি বলেন, মহাজোট সরকার গণতন্ত্র, নির্বাচন ও রাজনীতি নিয়ে কোন অনড় অবস্থানে নেই। তবে সরকার একটা শক্ত অবস্থানে আছে। সেটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং নিরাপত্তার জন্য। নাশকতা ও জঙ্গিবাদী যে তৎপরতা খালেদা জিয়া চালিয়েছিলেন সে ব্যাপারে আমরা অটল অবস্থানে আছি; এটা কোনোভাবেই হতে দেব না।
ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সমুদ্রসীমার রায় যদি কারও পছন্দ না হয়, তাহলে তাদের বলবো, এটা সমাধান করার আন্তর্জাতিক পদ্ধতি কি- সে ব্যাপারে বললে সরকার উপকৃত হতো।
পরে মন্ত্রী ভেড়ামারা উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আলম, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌর মেয়র শমিমুল ইসলাম ছানা প্রমুখ।



















