স্টাফ রিপোর্টার : দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুলকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেইসাথে অপর বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রনেতা মনির হোসেনকে দলের সকল কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে। ৯ জুলাই বুধবার বিকেলে শেরপুর শহরের নিপুন কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা আওয়ামী লীগের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে একই সভায় ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমকে আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান লেবুকে যুগ্ম আহবায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠিত হয়েছে। এছাড়া আগামী ১ মাসের মধ্যে উপজেলা ও শহর আওয়ামী লীগের অধীনে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো গঠনের মাধ্যমে স্ব-স্ব ইউনিটের সম্মেলন অনুষ্ঠানে প্রস্তুতি গ্রহণের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

সভাসূত্র জানায়, নকলা উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী বিদায়ী উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ বুরহান উদ্দিনের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। ফলে ওই নির্বাচনে দলীয় প্রার্থীকে হারিয়ে বিএনপি প্রার্থী বিজয়ী হন। সভায় ওই নির্বাচনের প্রেক্ষাপট পর্যালোচনায় বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী ও শওকত হোসেন মুকুলকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে কোন সাংগঠনিক দায়-দায়িত্বে না থাকা অপর বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রনেতা মনির হোসেনকে দলের সকল পর্যায়ের কর্মকান্ডের বাইরে রাখার সিদ্ধান্ত হয়। অন্যদিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের পক্ষে কাজ না করায় সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন ও সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেনকে বাদ রেখেই উপজেলা আওয়ামী লীগের ২৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমকে আহবায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান লেবুকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। সভাসূত্র মতে, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, মোফাজ্জল হোসেন চাঁন ও বেলায়েত হোসেন এখনও শোকজের কোন জবাব না দেওয়ায় তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ কারণেই তাদেরকে আহবায়ক কমিটিতে রাখা সম্ভব হয়নি।
জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, নকলা উপজেলা আওয়ামী লীগের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছেদুর রহমান লেবু, শওকত হোসেন মুকুল, মাহবুবুর রহমান বিদ্যুৎ প্রমুখ। সভাপতির বক্তব্যে হুইপ আতিউর রহমান আতিক বলেন, কারও ইশারা-ইঙ্গিতে নয়, দলের সিদ্ধান্তেই দল চলবে। তিনি বলেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারী দিলেও বাস্তবে তারা এখন অপরাজনীতিতে লিপ্ত। স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে আমাদের নেতাকর্মীরাও তাদের অপরাজনীতির শিকার হচ্ছেন। এজন্য তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে সাংগঠনিক অবস্থান জোরদার করার ্ওপর গুরুত্বারোপ করেন।



















