তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে উম্মে হানি (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উম্মে হানি একই ইউনিয়নের গজারিয়া গ্রামের নাছির উদ্দিন এর মেয়ে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) অলি উলাহ জানান, শিশু উম্মেহানি তার মায়ের সাথে নানার বাড়ি ফাঐ গ্রামে থাকত। মঙ্গলবার সকালে খেলার ছলে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে চান্দিনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

কুমিল্লায় পৃথক অভিযানে ইয়াবা ও মাদকসহ ৬ জন আটক
কুমিল্লায় থানা পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবি সদস্যদের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, বাই সাইকেল ও একটি নছিমন গাড়ী এবং ভারতীয় মালামালসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃত মালামালের মূল্য আনুমানিক অর্ধ কোটি টাকা বলে ধারণা করা হয়েছে। আটককৃতদের মধ্যে কোতয়ালী থানায় ১ জন, ডিবি পুলিশের ২জন, বিজিবি ১ জন, নাঙ্গলকোট ১ জন ও চান্দিনায় ১জনসহ ৬ জন।
বিভিন্ন সূত্রে জানা যায়- কুমিল্লা কোতয়ালী মডেল থানার এস.আই কামাল হোসেন, এএসআই বোরহান উদ্দিন সঙ্গীয় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর এলাকার দিঘিরপাড় এলাকার প্রতিদিন কনফেকশনারীর সামনে কামাল পাশার দেহ তলাশী করে ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ওই ব্যক্তিকে আটক করে। সে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের উত্তর শাহদৌলতপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কুমিলা জেলা বিশেষ গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুলাল মিয়া (৩৫) এবং আমিনুল ইসলাম (৫৭) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টায় নগরীর পিডব্লিওডি’র কেন্টিনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে সদর দক্ষিণ উপজেলার পুরান চৌয়ারা ধনপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৫) এবং একই উপজেলার বকশী বলভপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে আমিনুল ইসলাম (৫৭)। এ বিষয়ে উভয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কুমিলা-১০ বর্ডার গার্ড বিজিবি মেজর আতাউলাহ জামীর নেতৃত্বে কুমিলা কোতয়ালী মডেল থানা এলাকার শাহাপুর-বালুরতুপা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় টারগেট ট্যাবলেট ৬৭,৪৪০টি, হুইস্কি-২৭৯ বোতল,জট গাঁজা-১০কেজি, কিচমিচ-২৫০কেজি, বাই-সাইকেল ০৫টি এবং ০১ টি নছিমন গাড়ী আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৪৯ হাজার ৯’শ টাকা। অপর অভিযানে মঙ্গলবার গভীর রাতে রাত গোলাবাড়ী এলাকায় হাবিলদার মোঃ ইকবাল এর নেতৃত্বে একটি টহল পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল ১০ বোতল এবং কোরেক্স সিরাপসহ ১ জনকে আটক করে। আটককৃত হচ্ছে জেলার বুড়িচং উপজেলার নানুয়া বাজার এলাকার বড়গুরিয়া গ্রামের সুলতান মিয়ার পুত্র মোঃ হারুন মিয়া (৩০)।
এদিকে চান্দিনায় ১৯ পিচ ইয়াবাসহ তাপস চন্দ্র দে (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলা সদরের মহারং এলাকা থেকে তাকে আটক করা হয়। তাপস হারং গ্রামের মৃত ললিত চন্দ্র দে এর ছেলে।
নাঙ্গলকোট থানা পুলিশ গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ঢালুয়া ইউপির মগুয়া গ্রামের বাবা বাদলের বাড়ি থেকে ৫শ পিস ইয়াবা ও শিহর (তেজের বাজার) থেকে চরজামুরাইল গ্রামের আবু তাহেরের নিকট হতে ৩কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ও কোতয়ালী থানায় পৃথক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজিবির আটককৃত মালামাল ও মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক মূল্য সাড়ে ৫৩ লাখ বলে ধারণা করা হয়েছে। আটককৃত মালামাল কুমিলা কাস্টম্স/মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা দেয়া হয়েছে।



















