চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় চাঁদার দাবিতে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামকে কোপানো মামলার প্রধান আসামি যুবলীগ নেতা আক্তারুজ্জামান বাবুকে (৩৬) আটক করেছে পুলিশ। ৭ জুলাই সোমবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা রেজিষ্ট্রি অফিসের কাছ থেকে আক্তারুজ্জামান বাবুকে আটক করে।
উল্লেখ্য, গত ২৩ জুন সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম দামুড়হুদা রেজিষ্ট্রি অফিসের কাছে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ওই নেতা-কর্মীরা।
এ ব্যাপারে দামুড়হুদা থানায় সিরাজুল ইসলাম বাদী হয়ে আক্তারুজ্জামান বাবুকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।
আলমডাঙ্গায় গৃহবধূর আত্মহত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে অঞ্জলী খাতুন (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি আলমডাঙ্গা উপজেলার বাচলিয়া গ্রামের ওহাব আলীর স্ত্রী।
পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে অঞ্জলী খাতুন সবার অজান্তে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার সকাল ১০টায় এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি ইউডি মামলা হয়েছে।



















