ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তপল্লী থেকে ১টি বিদেশী পিস্তল, ভারতীয় ৭.৬৫ বোরের ২টি ম্যাগজিনসহ লিটন চন্দ্র কোচ (২২) নামে এক আদিবাসী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৬ জুলাই রবিবার রাতে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। লিটন চন্দ্র কোচ উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের গান্ধিরাম কোচের ছেলে। সোমবার বিকেলে অস্ত্র আইনের নিয়মিত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ডিবি ও ঝিনাইগাতী থানা পুলিশ রবিবার রাতে যৌথভাবে সীমান্তপল্লী সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে তারা পিস্তল-ম্যাগজিনসহ লিটন চন্দ্র কোচকে গ্রেফতার করে। লিটন কোচ দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন চোরাকারবারীর সাথে জড়িত। এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, ওই ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ওই ঘটনায় গ্রেফতারকৃত যুবকের সাথে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।



















