স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে তুলাচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ও প্রশিক্ষণ শেষে গুড় থেকে পুষ্টি প্রাপ্তির লক্ষ্যে চাষীদের মধ্যে ৪ শতাধিক উন্নত জাতের খেজুরের চারা বিতরণ করা হয়েছে। ৫ জুলাই শনিবার তুলা উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এর সহযোগিতায় তুলা উন্নয়ন বোর্ড, শেরপুর ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।
তুলা উন্নয়ন বোর্ড, ঢাকা অঞ্চলের উপ-পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিব এর সভাপতিতে অনুষ্ঠিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা) জমসের আহাম্মদ খন্দকার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সটিটিউটের প্রকল্প পরিচালক ড. রফিকুল আলম, তুলা উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ড. সীমা কুন্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ, তুলা উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম, কটন ইউনিট অফিসার মো. ইসরাফিল হোসেন, চাষী আব্দুল কুদ্দুছ প্রমুখ।
প্রধান অতিথি জমসের আহাম্মদ খন্দকার তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের উন্নয়নে সরকার সব সময় নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে তা কৃষকের দোরগোড়ায় পৌছে দিচ্ছে। এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে একমাত্র কৃষকরাই বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারে। নকলাসহ শেরপুরের চরাঞ্চলের অনুর্বর জমিতে অতি লাভজনক তুলা চাষ এবং বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় রাস্তার দু’পাশে ফলের গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সটিটিউটের প্রকল্প পরিচালক ড. রফিকুল আলম তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশে মিষ্টি জাতীয় পুষ্টির জন্য ১৮ লক্ষ টন গুড় বা চিনি উৎপাদন প্রয়োজন। প্রয়োজনের তুলনায় বাংলাদেশে উৎপাদন সম্ভব হচ্ছে ৮ থেকে ৯ লক্ষ টন। মানুষের মস্তিস্ক পরিচালনার জন্য এ মিষ্টি জাতীয় পুষ্টির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই আমদানী নির্ভর না হয়ে আমাদেরকে ইক্ষু চাষ বাড়াতে হবে। যেহেতু প্রতিনিয়ত চাষাবাদযোগ্য জমির পরিমাণ কমছে সেদিকে খেয়াল রেখে রাস্তার পাশে, বাড়ির আঙ্গিনায়, জমির আইলে অথবা পুকুর পাড়ে প্রত্যেক চাষীই ৫ থেকে ১০টি করে খেজুরের চারা রোপণ করলে খেজুর, খেজুরের রস বা রস থেকে উৎপাদিত গুড়ের মাধ্যমে অনায়াসে তাদের মিষ্টি জাতীয় পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন।
৮০ জন তুলাচাষীসহ দেড়শতাধিক এলাকাবাসীর মধ্যে প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি ৪ শতাধিক উন্নত জাতের খেজুরের চারা বিতরণ করেন।



















