স্টাফ রিপোর্টার : নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয়ের বিবরণী জমা না দেয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে লালমনিরহাটে মামলা দায়ের হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৪ ধারায় মামলাটি করেন লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান। একই আসনে জাসদের প্রার্থী সাদেকুল ইসলামের (মশাল-প্রতীক) বিরুদ্ধেও মামলা হয়েছে। এরশাদ গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে এরশাদ লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে পরাজিত হয়েছিলেন।
জানা যায়, ১০ম জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে(পাটগ্রাম-হাতীবান্ধা) লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মশাল প্রতীক নিয়ে জাসদের সাদেকুল ইসলাম নির্বাচনে অংশ নেন। যথাসময়ে নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনারের কার্যালয়ে দাখিল না করায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৪ ধারায় মামলা দায়ের করেন জেলা রির্টানিং অফিসার হাবিবুর রহমান।’
লালমনিরহাট জেলা প্রশাসক ও দশম জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসার হাবিবুর রহমান মামলার সত্যতা স্বীকার করে বলেন, যথাসময়ে নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল না করায় নির্বাচন কমিশনের নির্দেশে ২ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



















