মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে কচু। আউস এ কচু বাজারে খুচরা ৩০ -৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগাম এ কচুর মূল্য পেয়ে চাষিরা বেজায় খুশি। এরই মধ্যে বাজারে আসা শুরু করেছে সুস্বাদু আমন কচু। অন্যান্য বছরের ন্যায় এবারও কচুর মূল্য বেশি পাবেন এবং লাভবান হবেন এমন প্রত্যাশা এ জেলার চাষিদের।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাব মতে এবছর জেলায় এক হাজার ৭৭৫ হেক্টর জমিতে কচুর চাষ হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মেহেরপুরের কচুর চাহিদা রয়েছে। আবহাওয়ার প্রতিকুলতার পরও এজেলার চাষিরা কচুর ভালো দাম পাবেন এবং লাভবান হবেন এমনটি প্রত্যাশা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের।
মেহেরপুর শহরের নতুনপাড়ার কচু চাষি লিটন। তিনি এবছর সাড়ে ৫ বিঘা জমিতে কচুর চাষ করেছেন। তিনি বলেন, আবহাওয়া অনুকুলে থাকলে প্রতিবিঘা কচু চাষে ১৩ হাজার থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। কিন্তু মেহেরপুরের আকাশে যে সময় বৃষ্টি থাকার প্রয়োজন ছিল সে সময় এবছর খরার কবলে পড়েছে কচু। তাই একদিন বাদে একদিন পরপর জমিতে পানি সেচ করতে হচ্ছে। এতে খরচ বৃদ্ধি পেয়েছে। এবছর প্রতি বিঘা কচু চাষে খরচ পড়ছে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা। অন্যান্য বছরের ন্যায় এবছরও এ জেলার উৎপাদিত শত’ শত’ ট্রাক কচু রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানী হবে। আগাম কচুর মত দাম না পেলেও ভাল দাম পাবেন বলে মনে করেন তিনি।
মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের শরিফুল ইসলাম বলেন, তিনি দেড় বিঘা জমিতে কচু চাষ করেছে। তিনি বলেন, প্রতিবিঘা জমিতে ৮০ মন থেকে একশ’ ২০ মন কচু উৎপন্ন হয়। বর্তমান বাজারে এক হাজার থেকে এক হাজার দুই শত টাকা মন দরে কিচু বক্রি হচ্ছে। আমন কচু বাজারে এলে কচুর দাম কমে যাবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, গত বছর তিনি ৪৫ হাজার টাকা বিঘা দামে ক্ষেতের কচু বিক্রি করে ছিলেন। প্রকৃতির বৈরি মনোভাবের কারণে কচু চাষে খরচ বৃদ্ধি পেয়েছে। তার পরও লাভবান হওয়ার আশাবাদি তিনি।
মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের নতুনপাড়ার মাদার ঘানী। এবছর তিনি ৫ বিঘা জমিতে কচুর চাষ করেছেন। তিনি বললেন, কচু চাষে খরচ বৃদ্ধি পেয়েছে। এবছর সময়মত বৃষ্টির পানি না থাকায় কচুর পাতা পুড়ে গেছে। বাধ্য হয়ে একদিন পরপর কচু ক্ষেতে সেচ দিতে হয়েছে। এবছর প্রতিবিঘা কচু চাষে ২০ হাজার টাকা খরচ হবে। আবার বৈরি আবহাওয়ার কারণে ফলন ভাল না হলে চাষিকে পথে বসতে হবে। গত বছর প্রচুর কচু উৎপন্ন হয়েছিলো। গতবছর তার ১০/১২ বিঘা জমিতে কচু ছিল। শেষের দিকে তাকে প্রতি বিঘা কচু ১৫ হাজার টাকায় বিক্রি করতে হয়েছে।



















