মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মুখোসধারী লম্পট কামাল হোসেনের লালসার শিকার শ্রবণ প্রতিবন্ধী হতদরিদ্র দেলোজান স্ত্রীর অধিকার পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। লম্পট কামাল হোসেন বিয়ের কথায় হতদরিদ্র দেলোজানকে বছরের পর বছর ভোগ করেছেন। কামালের চাপে দেলোজান পেটের বাচ্চা নষ্ট করেছেন দু’বার। বিয়ের আশ্বাসে বিশ্বাস স্থাপন করে সহজ-সরল দেলোজান সবকিছু উজার করে দিলেও এখন প্রতারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে লম্পট কামাল হোসেন। বিয়ে করাতো দূরে থাক এখন পাল্টা হুমকী এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কামাল হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সফাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের সাজিপাড়ার হতদরিদ্র শফিজ উদ্দিনের শ্রবণ প্রতিবন্ধী কন্যা দেলোজান (৩২) পেটের দায়ে পার্শ্ববর্তী চকগৌরী গ্রামের কাশেম সাহার পুত্র প্রভাবশালী কামাল হোসেনের বাড়ির কাজ করতো। কামাল হোসেন তার লালসা চরিতার্থ করার জন্য বিয়ের আশ্বাস দিয়ে সহজ-সরল দেলোজানের সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করে। গোপনে নিজের বাড়ি এবং ওই মেয়ের বাড়িতে দীর্ঘ কয়েক বছর যাবত মেয়ের সাথে কামাল শারিরীক সম্পর্ক অব্যাহত রাখে। এর মধ্যে কামালের চাপে দু’বার পেটের সন্তান নষ্ট করে দোলোজান। এসময় বিয়ের কথা বললে কামাল সময়ক্ষেপন করতে থাকে। দেলোজানের সাথে অবৈধ সম্পর্কের কথা এক পর্যায়ে কামাল অস্বীকার করলে এসব ঘটনা গ্রামবাসীর কাছে খুলে বলেন দেলোজান। এতে গ্রামের নারী-পুরুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে কামাল হোসেন লোকচক্ষুর অন্তরালে চলে যায়। দেলোজান এখন সুবিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। এদিকে দেলোজানের পারিবারিক সূত্র জানায়, প্রভাবশালী কামালের বিরুদ্ধে থানায় মামলা করতে ব্যর্থ হয়ে তারা আদালতে মামলা দায়েরের চেষ্টা চালাচ্ছেন।



















